আমদানিতে গতি এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পণ্য আমদানিতে হঠাৎ কিছুটা গতি এসেছে। তাতে মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রার জোগানে টান পড়েছে। প্রয়োজনীয় ডলার পেতে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়েছে।
এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার প্রায় আড়াই বছর পর চার কোটি পাঁচ লাখ ডলার মুদ্রাবাজারে সরবরাহ করেছে। এর আগে সর্বশেষ ২০১২ সালের ২০ জুন এক কোটি ডলার বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারে ডলার জোগান দিয়েছিল। আর গত তিন বছরে প্রায় এক হাজার ১০০ কোটি ডলার বাজার থেকে কেনে কেন্দ্রীয় ব্যাংক।
হঠাৎ ব ্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রায় টান পড়াকে সাময়িক বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। প্রথম আলোকে তিনি বলেন, ‘এটা সাময়িক তারল্যঘাটতি হিসেবে দেখা যেতে পারে।’ তবে তিনি বলেন, ‘ডলারের বিপরীতে টাকার মূল্যমান কিছুটা কমিয়ে আনার ইচ্ছা যদি কেন্দ্রীয় ব্যাংকের থেকে থাকে, তাহলে দৈনন্দিন বাজার হস্তক্ষেপের মধ্যে এ ডলার সরবরাহ না করলেও চলত। বাজারব্যবস্থার ওপর ছেড়ে দিলেই হতো।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমদানিতে খানিকটা গতি এসেছে। আবার বিদেশ থেকে আনা ঋণ ও বিনিয়োগের কিছু অর্থ পরিশোধের সময়ও হয়ে থাকতে পারে। সব মিলে একটা চাহিদা দেখা দিয়েছে বলেই কেন্দ্রীয় ব্যাংক মনে করে।’
সর্বশেষ জুলাই-সেপ্টেম্বর সময়ের যে তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যায়, তাতে দেখা যাচ্ছে, আমদানি ঋণপত্র (এলসি) খোলায় প্রবৃদ্ধির হার হয়েছে ১২ দশমিক ৮১ শতাংশ। একই সময়ে আমদানির ঋণপত্র নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৯২ শতাংশ। আবার অক্টোবর মাসের প্রথম তিন সপ্তাহের যে হিসাব কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া যায়, তাতে আমদানির ঋণপত্র খোলার পরিমাণ হঠাৎ বেশ বেড়ে গেছে। তিন সপ্তাহে এর পরিমাণ হয়েছে ১৩৮ কোটি ৮৬ লাখ ডলার। ঋণপত্র খোলার ক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও খাদ্যপণ্য আমদানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে।
অন্যদিকে গত মাসে রপ্তানি আয় ৭ দশমিক ৬৩ শতাংশ কমে গেছে। আবার রেমিট্যান্স আয়ও ১৭ দশমিক ৮৭ শতাংশ কমেছে। ফলে ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা আয় কমে এসেছে।
প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক (এমডি) কাজী ছাইদুর রহমান এ প্রতিবেদককে বলেন, গত সপ্তাহেও ১৫ কোটি ডলার চেয়ে ব্যাংকগুলো তাদের কাছে আসে। কিন্তু রপ্তানি ও রেমিট্যান্সকে উৎসাহ দিতে তাঁরা
বাজারে ডলার দেননি। গতকালও ১০ কোটি ডলারের বেশি চাহিদা ছিল ব্যাংকগুলোর। কিন্তু তা দেওয়া হয়নি।
উল্লেখ্য, বাজারে ডলার সরবরাহ বাড়লে টাকা শক্তিশালী হয়। ২০১২ সালের জুনে যখন ডলার কম সরবরাহ ছিল, তখন প্রতি ডলারের মূল্য প্রায় ৮২ টাকা উঠেছিল। এখন সরবরাহ বেশি হওয়ায় প্রতি ডলার ৭৭ টাকার কাছাকাছি হয়েছে। গতকাল বাজারে জোগান দেওয়া বাংলাদেশ ব্যাংকের ডলারের দর ছিল ৭৭ দশমিক ৬৩ টাকা।