দেশীয় শিল্পের সুরক্ষায় আমদানি করা তৈরি লিফ সিপ্রংয়ের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের প্রস্তাব করেছে বাংলাদেশ সিপ্রং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। সেই সঙ্গে দেশে উৎপাদিত লিফ সিপ্রংয়ের মৌলিক কাঁচামাল নন এলয় স্টিল ফ্লাটবারের আমদানি শুল্ক কমানোরও দাবি জানানো হয়েছে। বিএসএমএর সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা জানান। আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ইতিমধ্যে এসব সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হয়েছে বলেও মঞ্জু জানান। সাক্ষাৎকারে মঞ্জু বলেন, ‘বর্তমানে আমদানি করা তৈরি লিফ সিপ্রংয়ের ওপর ৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে। আগামী বাজেটে আমরা সেটি বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছি। এটি করা হলে দেশীয় শিল্প কিছুটা হলেও সুরক্ষা পাবে। একই সঙ্গে দেশে তৈরি লিফ সিপ্রংয়ের মৌলিক কাঁচামাল নন এলয় স্টিল ফ্লাটবারের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।’মঞ্জু আরও বলেন, ‘আমদানি নিরুৎসাহিত করতে তৈরি লিফ সিপ্রংয়ের শুল্ক নিরুপিত মূল্য প্রতি মেট্রিক টন এক হাজার ৬০০ ডলার নির্ধারণেরও কথা বলেছি আমরা। এ ছাড়া আমদানি পর্যায়ে যেহেতু বেশির ভাগ ক্ষেত্রে ওজন কারচুপির মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ার ঘটনা ঘটছে, তাই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আমদানি-সংশ্লিষ্ট বন্দরে ওজন নির্ধারণযন্ত্র বসাতে। পাশপাশি চালানের ওপর তৈরি সিপ্রংয়ের ওজন ও সংখ্যা উল্লেখ করার বিধান বাধ্যতামূলক করার।’ আখতারুজ্জামান মঞ্জু আরও বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রেই আমরা দেখছি, স্ক্র্যাপ ঘোষণা দিয়ে সম্পূর্ণ নতুন ও তৈরি সিপ্রং সেট আমদানি করা হচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, এসব ক্ষেত্রে আমদানি করা সিপ্রংগুলোকে যেন বন্দরের অভ্যন্তরে থাকা অবস্থায় কয়েক টুকরা করে দেওয়া হয়, যাতে পরবর্তী সময় সেগুলো ব্যবহারের আর কোনো সুযোগ না থাকে।’মঞ্জু জানান, ‘চোরাকারবারি ও শুল্ক ফাঁকির মাধ্যমে অবাধে তৈরি সিপ্রং আমদানির সুযোগই আমাদের এই শিল্পের জন্য প্রধান হুমকি। তাই আগামী বাজেটে আমরা দেশীয় শিল্প রক্ষায় এ ধরনের হুমকি থেকে নিজেদের বাঁচানোর আবেদন জানিয়েছি সরকারের প্রতি।’ তাঁর মতে, ‘চোরাকারবারি ও শুল্ক ফাঁকির ঘটনা না ঘটলে আমদানি পণ্যের চেয়ে আমাদের উৎপাদিত পণ্যের দামের মধ্যে ৩০ শতাংশেরও বেশি ব্যবধান থাকত।’