আমদানিনির্ভর ইমিটেশন অলংকারের চাহিদা বাড়ছে
স্বর্ণের অত্যাধিক মূল্যবৃদ্ধি আর নিরাপত্তার অভাব—মূলত এই দুটি কারণেই বিকল্প অলংকার হিসেবে ইমিটেশন জুয়েলারি বা নকল অলংকার জনপ্রিয় হচ্ছে। ১০ বছরের ব্যবধানে ইমিটেশনের চাহিদা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে ধারণা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তবে এখনো সিংহভাগ অর্থাৎ প্রায় ৯০ শতাংশই আমদানি করতে হয়। স্থানীয়ভাবে অল্প কিছু প্রতিষ্ঠান এ ধরনের অলংকার তৈরি করছে।জানা যায়, স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তান থেকে কাচের চুড়ি আমদানি হতো। পরে ভারত থেকে আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। তখন কাচের চুড়ির চাহিদা থাকলেও ১৯৭৯-৮০ সাল থেকে ইমিটেশনের গয়না আসা শুরু হয়। এখনো আমদানিকৃত পণ্যের প্রায় ৯৯ শতাংশই আসে ভারত থেকে। এ ছাড়া চীন ও কোরিয়া থেকে কিছু পণ্য আসে। আমদানি হওয়া ইমিটেশন পণ্যের মধ্যে নাকফুল, কানের দুল, গলার হার ও চেন, হাতের পাঞ্জা, আংটি, ব্রেসলেট, মাথার ক্লিপ, পায়ের আংটি ও পায়েল, শাড়ির পিন অন্যতম। খুচরা পর্যায়ে এই গয়নার মূল্য পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি প্রস্তুতকারক, রপ্তানিকারক ও বণিক সমিতির সদস্যসংখ্যা দুই শতাধিক। এর মধ্যে শুধু চকবাজারেই আছে দেড় শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এঁদের অধিকাংশই আবার পাইকারি ব্যবসায়ী। আর আমদানিকারকের সংখ্যা ৫০ থেকে ৬০ জন। তবে এর বাইরে জেলা ও উপজেলায় কয়েক হাজার খুচরা ব্যবসায়ী আছেন। সে হিসেবে খাতটিতে প্রায় দুই লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে জানান সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা যায়, আশির দশক থেকে পুরান ঢাকার চকবাজারের আশপাশে কামরাঙ্গীরচর, বালুঘাট, শহীদনগরসহ বিভিন্ন এলাকায় ক্ষুদ্র পরিসরে ইমিটেশন গয়না তৈরির কারাখানা গড়ে উঠেছে। বর্তমানে এ ধরনের প্রায় ৬০ থেকে ৭০টি প্রতিষ্ঠান আছে। তাদের তৈরি কাচের চুড়ি, কানের দুল, গলার মালা, আংটি, পায়েল ইত্যাদি পণ্য মূলত গ্রামগঞ্জেই বেশি চলে। একজন আমদানিকারক বলেন, দেশে তৈরি ইমিটেশনের পণ্য এখনো ততটা উঁচু মানের নয়। তবে কাচের চুড়ির মান ভালো হচ্ছে। ফলে এটির আমদানি কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলেন, এই খাতে বড় আকারের বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি প্রয়োজন। কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে উন্নত মানের ইমিটেশনের গয়না তৈরি সম্ভব হচ্ছে না। কারণ বিনিয়োগকারীরা বিদ্যুৎ ও গ্যাস সংকট থাকায় এবং ব্যাংকঋণের সুদের হার বেশি হওয়ায় ঝুঁকি নিতে চাইছেন না।ব্যবসায়ীরা আরও বলেন, বর্তমানে দেশে ইমিটেশন অলংকারের ৫০০ কোটি টাকার বাজার রয়েছে।