আমদানির জন্য বেড়েছে ডলারের চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম সপ্তাহে দেশের আন্তব্যাংক মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার সামান্য দরপতন হয়েছে। প্রতি ডলার ৭০ টাকা ৯৩ পয়সা থেকে ৭০ টাকা ৯৫ পয়সায় সপ্তাহ শুরু হয়, যা সপ্তাহের শেষ কার্যদিবসে ৭০ টাকা ৯৫ পয়সা থেকে ৭১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। মূলত সপ্তাহজুড়ে ব্যাপক আমদানিজনিত চাহিদা দেখা গেছে। আবার বাজারে বিক্রেতার অভাব থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার কেনার জন্য তৎপর থাকতে হয়েছে।অন্যদিকে নতুন বছরের প্রথম দিনে ইউরোর দর পড়ে গিয়ে লেনদেন শুরু করে। তবে সপ্তাহজুড়ে ইউরোর দর ছিল কিছুটা টালমাটাল। আর যুক্তরাষ্ট্রের বন্ডের অন্তর্নিহিত সুদের হার সামান্য হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলার কিছুটা মার খায়। শেয়ারবাজার কিছুটা তেজি থাকাতেও বিনিয়োগকারীরা ঝুঁকিপ্রবণ হয়ে ওঠেন। তাই ডলারের দর জাপানি ইয়েনের বিপরীতে পড়ে গিয়ে প্রতি ডলার ৮১ দশমিক ৩০ ইয়েনে ঠেকে, যা ছিল গত সাত সপ্তাহের সর্বনিম্ন। সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ান ডলার মার্কিন ডলারের বিপরীতে গত ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চলে গেলেও সপ্তাহ শেষে খানিকটা পড়ে যায়। সপ্তাহ শেষে শুক্রবার ডলারের বিপরীতে ইউরো পড়ে গিয়ে হয় প্রতি ইউরো ১ দশমিক ২৯১০ ডলার। সপ্তাহ শেষে প্রতি ডলার শূন্য দশমিক ৯৬৭০ সুইস ফ্রাঁতে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৫৫২ ডলারে এবং প্রতি ডলার ৮৩ দশমিক ২০ ইয়েনের কাছাকাছি লেনদেন শেষ করে। মূল্যবান ধাতুর বাজারে স্বর্ণ প্রতি আউন্স এক হাজার ৩৭০ দশমিক ৩০ ডলারে সপ্তাহের লেনদেন শেষ করে। রৌপ্যের দাম গত সপ্তাহে প্রতি আউন্স ২৮ দশমিক ৬৯ ডলারে কেনাবেচা হয়েছে। দেশের বাজারে গত সপ্তাহের কলমানির সুদের হার ২০ শতাংশ থেকে নেমে আসে এবং ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে যাবতীয় লেনদেন হয়। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৩৫০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে বিলগুলোর জন্য অন্তর্নিহিত সুদের হার যথাক্রমে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নির্ধারিত হয়।সূত্র: সিটিব্যাংক এনএ