আমদানির শুল্ক স্তর পুনর্বিন্যাসের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আমদানি শুল্কহারের স্তর পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম চেম্বার। আমদানি করা জাহাজের তুলনায় দেশীয় জাহাজনির্মাণ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোরও প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের এই সংগঠন। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেনের সঙ্গে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এই প্রাক-বাজেট মতবিনিময় সভার আয়োজন করা হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, শিল্পায়নে গতি আনতে হলে মূলধনী যন্ত্রপাতিতে ১ দশমিক ৫০ শতাংশ, মৌলিক কাঁচামাল ২ দশমিক ৫০ শতাংশ এবং মধ্যবর্তী কাঁচামালে ৭ দশমিক ৫০ শতাংশ শুল্কহার নির্ধারণ করা প্রয়োজন। বর্তমানে এই তিন স্তরে যথাক্রমে ৩, ৫ ও ১২ শতাংশ হারে শুল্ক রয়েছে। চেম্বার সভাপতি আরও বলেন, বৈদ্যুতিক সরঞ্জামের কাঁচামাল ইউরিয়া রেজিনস আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। আবার এই কাঁচামাল থেকে তৈরি পণ্য আমদানিতেও একই পরিমাণ শুল্ক দিতে হয়। দেশীয় শিল্প রক্ষা করতে হলে প্রস্তুত পণ্যের চেয়ে কাঁচামাল আমদানিতে শুল্ক কমাতে হবে।চেম্বারের পরিচালক ও বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেন, বিদ্যমান পাঁচ বছরের পুরোনো বাস আমদানির স্থলে আট বছরের অনুমতি দেওয়া হলে গণপরিবহন আমদানির হার বাড়বে। আলোচনায় চেম্বারের পক্ষ থেকে গুঁড়া দুধ, শিক্ষার্থীদের ব্যবহূত কাগজজাতীয় পণ্য, চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্কহার প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি আগামী বাজেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। বাণিজ্য সংগঠনের আয়কে কর থেকে অব্যাহতি দেওয়ারও প্রস্তাব করা হয়।রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, ‘আগামী বাজেট প্রণয়নে দেশীয় শিল্প সুরক্ষার প্রস্তাবসহ এ অঞ্চলের ব্যবসায়ীদের প্রস্তাবনাগুলো বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে যেসব পণ্য উৎপাদনে ভালো করছি, সেসব পণ্যের কাঁচামালের ওপর শুল্কহার কমানোর ক্ষেত্রে জোর দেওয়া হবে।’ গোলাম হোসেন আরও বলেন, আগামী জুলাই থেকে আমদানি পণ্যের শুল্কায়নে পিএসআই (প্রাক-জাহাজীকরণ পরিদর্শন সংস্থা) প্রথা থাকবে না। একই সময় থেকে শুল্কায়নে ওয়েবভিত্তিক অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতি চালু হবে।মতবিনিময় সভায় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন, সৈয়দ মো. আমিনুল করিম ও ব্যারিস্টার মো. জাহাঙ্গীর হোসেন, কাস্টম হাউসের কমিশনার মাসুদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ বক্তব্য দেন।