আমরণ অনশনে তোবার শ্রমিকরা
বেতন-বোনাসের দাবিতে তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা আমরণ অনশন শুরু করেছেন। মে, জুন, জুলাই তিন মাসের বেতন, ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তর বাড্ডায় তোবার নিজস্ব কারখানা ভবনে শ্রমিকরা অনশন শুরু করেন।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃত্বে আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে শ্রমিকেরা অনশন শুরু করেন। এছাড়াও তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।
এদিকে শ্রমিকরা গতকাল বোরবার থেকে দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।
এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু প্রথম আলোকে বলেন, সমস্যার সুরাহা না হলে শ্রমিকেরা এখানেই ঈদ করবেন। তারা আমরণ অনশন চালিয়ে যাবেন।
বেতন-ভাতা না পেয়ে তোবা শ্রমিকদের অনশনে যাওয়া সম্পর্কে জানতে চাইলে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, আমরা সরকারসহ সব জায়গায় চেষ্টা করেছি। আমাদের করার কিছুই নাই। আমরা সমস্যা সমাধানে কারখানা ভবনের দুটি ফ্লোর বিক্রি করতে চেয়েছি। কিন্তু কেউ কিনতে চায় না, অনেকে কম দাম বলে। বাজার দরের মাত্র ২০ থেকে ৩০ শতাংশ দাম দিতে চায়। এটা নিয়ে আমাদের কিছুই করার নাই।
উল্লেখ্য, তোবা গ্রুপের তোবা ফ্যাশনস, তোবা টেক্সটাইল, বুকশান গার্মেন্টস, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন—এই পাঁচ কারখানায় কাজ করেন তিন হাজার শ্রমিক। তাঁরা মে, জুন ও জুলাই মাসের বেতন পাননি। বেতন-ভাতার দাবিতে গত বুধবার তোবার এক হাজার ২০০ শ্রমিক বিজিএমইএ ভবন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখেন। আজ থেকে তারা আমরণ অনশন শুরু করলেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। তাঁর স্ত্রী তোবার চেয়ারম্যান মাহমুদা আক্তারকে কারাগারে পাঠালেও পরে তিনি জামিনে মুক্তি পান।