এ সপ্তাহের সাক্ষাৎকার: শেষ হতে যাওয়া ২০১২ সালে বাংলাদেশের অর্থনীতির শক্তিমত্তা ও দুর্বলতার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) পরিচালক ও ইউনাইটেড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. এ কে এনামুল হক
আমরা এখন অনেকটাই অপরিকল্পিতভাবে চলছি
প্রথম আলো: ২০১২ সালে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে ইতিবাচক বা শক্তিমত্তার দিক কোনগুলো ছিল বলে মনে করেন?এ কে এনামুল হক: দু-তিনটি বিষয়ের কথা এখানে উল্লেখ করা যায়। প্রথমত, নানা ধরনের বিপত্তি বা প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতির প্রবৃদ্ধির বড় ধরনের পতন হয়নি। বরং গত এক দশক ধরে আমরা যে ছয় শতাংশের ওপরে প্রবৃদ্ধির ধারায় ছিলাম, সেই ধারাই মোটামুটি বজায় আছে। এ ক্ষেত্রে আমাদের এই অবস্থা অনেকটাই ইউরোপের মতো। ইউরোপে যখন বড় দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার হয়ে উঠেছিল, তখন ছোট দেশগুলোরও প্রবৃদ্ধি বেড়েছিল। আমাদের দুই বৃহৎ বাণিজ্য অংশীদার চীন ও ভারত এ বছর সাত শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করছে। এটা বাংলাদেশের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলেছে। দ্বিতীয়ত, এ বছর মোট বিদেশি বিনিয়োগের প্রবাহও ভালো। পুরো বছরের পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তবে তা প্রায় ১০০ কোটি ডলার হবে বলে মনে করা যায়। তৃতীয়ত, পুরোটা নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলেও মূল্যস্ফীতির চাপ কিছুটা প্রশমিত করা গেছে।প্রথম আলো: এ বছর অর্থনীতির সবচেয়ে দুর্বল দিকগুলো কী কী?এ কে এনামুল হক: জ্বালানির সমস্যাটা নিঃসন্দেহে সবচেয়ে বড় দুর্বলতা, যা থেকে আমরা বের হতে পারলাম না। সরকারের চার বছর হতে চলল, জ্বালানি সমস্যা থেকে উত্তরণ হলো না। গ্যাস ও বিদ্যুতের সংকটে শিল্প-কারখানা থেকে আবাসন সবাই ভুগেছে। আরেকটা বড় দুর্বলতা এ বছর প্রকট হয়েছে। সেটা হলো পরিকল্পনার অভাব। আমরা অনেকটাই অপরিকল্পিতভাবে চলছি। প্রথম আলো: পরিকল্পনার অভাবের বিষয়টি একটু ব্যাখ্যা করুন।এ কে এনামুল হক: বেশ কয় বছর ধরেই নীতিনির্ধারকেরা বলছেন যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করা হবে। আমরাও সবাই কমবেশি এ নিয়ে কথাবার্তা বলছি। কিন্তু মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে শুধু আয় বাড়লে হবে না, শুধু প্রবৃদ্ধির হার আট শতাংশে নিয়ে গেলে হবে না। আয় বাড়ার পাশাপাশি অবশ্যই সামাজিক নিরাপত্তা পদ্ধতি গড়ে তুলতে হবে। যেমন কর্মজীবী মানুষে জন্য একটা দীর্ঘমেয়াদি পেনশন কর্মসূচি প্রবর্তন। তাহলে উপার্জনক্ষম মানুষ আরও ব্যয় করত। এভাবে বিভিন্ন কর্মসূচি নিতে হবে। তা না হলে মধ্য আয়ের দেশ হিসেবে সুফল পাওয়ার বদলে বিশৃঙ্খলা ও বিপাকে পড়তে হবে। আরেকটা দিক, মানুষের আয়-উপার্জন তো এমনি এমনি বেড়ে যাবে না। এখন বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশই আসছে সেবা খাত থেকে। প্রবৃদ্ধি বাড়াতে ও আয়স্তরের উত্তরণ ঘটাতে হলে হয় সেবা খাতের গুণগত মান বাড়াতে হবে অথবা শিল্পায়নের দিকে অগ্রসর হতে হবে। শিল্পায়নই বেশি প্রয়োজন। সে জন্য নতুন উদ্যোক্তা শ্রেণীর বিকাশ ঘটাতে হবে। এই পরিকল্পনা তো আমাদের নেই।প্রথম আলো: সরকার তো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে। পরিকল্পনা দলিলে কি এসব বিষয় নেই?এ কে এনামুল হক: হ্যাঁ, এসব বিষয়ের কিছু উল্লেখ আছে। তবে পরিকল্পনা দলিলে প্রাধান্য পেয়েছে সরকারের প্রকল্প পরিকল্পনা। আর আমরাও ধরে নিচ্ছি, সরকার সবকিছু করে দেবে। কিন্তু যেখানে অর্থনীতির মাত্র ১৫ শতাংশে সরকারের অবদান আর বাকিটা ব্যক্তি খাতের; সেখানে ব্যক্তি খাতকে বিকশিত করার দিকে সর্বোচ্চ জোর দেওয়া প্রয়োজন। আর সরকার অর্থবহভাবে কতটুকু অবদান রাখতে পারে, তা পরিকল্পনার মাধ্যমে চিহ্নিত করতে হবে। একটা সহজ হিসাব দিই। বছরে আমাদের অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন। এটা ব্যক্তি খাতই করতে পারবে, সরকার নয়। এ জন্য দরকার শিল্প খাতে বিনিয়োগ, তা অনিবার্যভাবে বড় শিল্পে নয়; বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই)। বড় শিল্পের সংযোগ শিল্প হিসেবে এসএমইর বিস্তার ঘটাতে হবে। মোটরগাড়ি নির্মাণের জন্য নয়, বরং মোটরগাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণের জন্য যদি প্রণোদনা দেওয়া হয়, তাহলে তার ইতিবাচক প্রভাব পড়বে অনেক বেশি। একইভাবে খেলনাশিল্পের পশ্চাদমুখী সংযোগ শিল্প হিসেবে প্লাস্টিক হতে পারে। আবার শিল্পায়নের জন্য শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। সেদিকেও আমাদের মনোযোগ নেই। সর্বোপরি জ্বালানি ও অবকাঠামোর সংকট দূর করতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ অনেক। এটিকে চার লেনে রূপান্তর করা যায়নি। রেলওয়ের দিকে মনোযোগ নেই। রেলের জন্য বছরে ১০টি ইঞ্জিন কিনতে সরকারের টাকা নেই, তাকিয়ে থাকতে হয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বা ভারতীয় ঋণের দিকে। এটা তো গ্রহণযোগ্য নয়।[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]