আমরা টেকনোলজিসের আইপিও অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে আমরা টেকনোলজিস লিমিটেড। আজ সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন করা হয়।এসইসি সূত্রে জানা যায়, আমরা টেকনোলজিস লিমিটেড দুই কোটি ১৫ লাখ ৭২ হাজার শেয়ার ছেড়ে বাজার থেকে ৫১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারের দাম ১৪ টাকা প্রিমিয়ামসহ ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।এসইসির এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার থেকে উত্তোলিত ওই টাকা দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ পরিশোধ, এটিএম ও পিওএস মেশিন ভাড়ার ভিত্তিতে সম্ভাব্য ক্রেতাকে/সরবরাহকরণ এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে।সর্বশেষ প্রকাশিত ২০১০ সালের আর্থিক বিবরণী অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২৪ দশমিক ৮১ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৬১ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের সভায় মিথুন নিটিং লিমিটেড কর্তৃক টয়ো কম্পোজিট নিট গার্মেন্টস লিমিটেড ও পিওর কটন নিট ওয়্যারস লিমিটেডে অধিগ্রহণের বিষয়টি আজকের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মিথুন নিটিং লিমিটেডকে অতিরিক্ত ৬৬ লাখ ৬৬ হাজার ৫৮০টি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। মিথুন নিটিং লিমিটেড কর্তৃক নতুন ইস্যুকৃত ৬৬ লাখ ৬৬ হাজার ৫৮০টি শেয়ার তিন বছরের জন্য লক-ইন থাকবে।কমিশন সভায় ম্যাক এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃক ২০১১ সালের প্রথম ত্রৈমাসিক হিসাব বিবরণী দাখিলে ব্যর্থতার জন্য প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।