আমরা টেকনোলোজিসের লেনদেন শুরু
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো আমরা টেকনোলোজিস লিমিটেড। আজ বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ‘ডিএসইতে আমরা টেকনোলোজিস লিমিটেড এন ক্যাটারিভুক্ত। এ ক্ষেত্রে ডিএসই লেনদেন কোড ‘আমরাটেক’ এবং কোম্পানি কোড ২২৬৭৪।অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সিএসইতেও প্রতিষ্ঠানটি এন ক্যাটাগরিভুক্ত। সিএসই স্ক্রিপ আইডি ২৪০০৮ এবং স্ক্রিপ কোড ‘আমরাটেক’।এদিকে আগামী ৩০ কর্মদিবস পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার ঋণসুবিধা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ।আমরা টেকনোলোজিস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলন করে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয় ২৪ টাকা। এ ক্ষেত্রে ১৪ টাকা প্রিমিয়াম নেওয়া হয়। প্রতিষ্ঠানটি মোট চার কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫১২টি শেয়ার ছাড়ে বাজার থেকে ১০০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ২৮৮ টাকা উত্তোলন করে।এদিকে আজ ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২৫ টাকায় শুরু হয়। আর সিএসইতে শুরু হয় ২৯ দশমিক ৯০ টাকায়।