>

মূল্য সংযোজন কর (মূসক) আইনের বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের সুরাহা এখনো হয়নি। তবে সরকারের অবস্থান আগের চেয়ে কিছুটা বদলেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মূসক আইনের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক উপদেষ্টা এবং সংস্থাটির কর ও শুল্ক-সংক্রান্ত স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান মনজুর আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ
প্রথম আলো: আগামী ১ জুলাই থেকে সরকার নতুন মূসক আইন বাস্তবায়ন করতে চাইছে। কোনো পরিবর্তন ছাড়া আইনটি বাস্তবায়ন করলে কী অসুবিধা হবে?
মনজুর আহমেদ: প্রথম কথা হচ্ছে, বাস্তবতা সে রকম নয়। সরকার মূসক আইন বাস্তবায়নের আগে ব্যবসায়ীদের উদ্বেগগুলো বিবেচনা করছে। আমরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সর্বশেষ যে বৈঠক করলাম, তাতে বোঝা যাচ্ছে যে সরকার কোনো ধরনের বিবেচনা ছাড়া আইনটি বলবৎ করবে না। সেখানে অর্থমন্ত্রী আমাদের সঙ্গে তিনটি বিষয়ে একমত হয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটির সুপারিশের আলোকে মূসক আইনটি ব্যবসাবান্ধব করতে যা করা দরকার, তা বিবেচনায় নেওয়া হবে।
প্রথম আলো: আপনি বলছেন, তিনটি বিষয়ে অর্থমন্ত্রী একমত হয়েছেন। এ তিনটি বিষয় কী কী?
মনজুর আহমেদ: আমরা বলেছিলাম, ৮০ লাখ টাকার বার্ষিক লেনদেন পর্যন্ত ৩ শতাংশ হারে লেনদেন কর আরোপের বিষয়টি সংশোধন করে ৫ কোটি টাকা করা হোক। লেনদেনের পরিমাণ বাড়াতে অর্থমন্ত্রী একমত, তবে তা কত হবে তা সরকার ঠিক করবে।
প্রথম আলো: এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আপনারা কী মূসকের হার ১৫ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছেন?
মনজুর আহমেদ: ফেডারেশনের প্রস্তাবে আমরা কোথাও মূসকের হার কমাতে বলিনি। এফবিসিসিআইতে একটি কমিটি আছে। সেই কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করার পর সবাই সই করেন। এরপর পরিচালনা পর্ষদে অনুমোদন হলে সেটি হয় ফেডারেশনের প্রস্তাব। অনেকে আমাদের মূসকের হার কমানোর প্রস্তাব দিতে বলেছেন। আমরা সেটা আলোচনা করেছি, কিন্তু সেই প্রস্তাব দিইনি। মূসকের হার ১৫ শতাংশ থেকে কমালে দেশীয় শিল্পের প্রতিরক্ষণের ক্ষেত্রে মূসকের আপাতন কম হবে। এতে শিল্প ক্ষতিগ্রস্ত হবে। সমস্যা মূসকের হার নিয়ে নয়; মূসকের আপাতন কীভাবে পড়বে, একটি পণ্যের দামে কীভাবে মূসক আরোপ হবে, সেটা নিয়েই বিতর্ক। নতুন আইনে মূল্য সংযোজন যা-ই হোক, মূসকের হার হবে ১৫ শতাংশ। আমরা বলেছি, আন্তর্জাতিকভাবে মূসক আইনে রেয়াত নেওয়ার সুযোগ থাকে, একে ক্রেডিট বা রেয়াতি মূসক বলে। দ্বিতীয় একটা রীতি আছে, যে রেয়াত নিতে পারে না, তার মূল্য সংযোজনের হার ধরে ওই সংযোজিত মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক আরোপ করা হয়। যদি একজন ব্যবসায়ী ৮০ টাকায় পণ্য কিনে ১০০ টাকায় বিক্রি করেন, তার ২০ টাকা মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ অর্থাৎ, মোট মূল্য ১০০ টাকায় ৩ টাকা মূসক ধরতে হবে। এই দ্বিতীয় রীতিটা নতুন মূসক আইনে অনুপস্থিত। এ জন্য আমরা বলেছি, সরকার খাতভিত্তিক মূল্য সংযোজনের একটা হার বলে দেবে। এ ক্ষেত্রেও অর্থমন্ত্রী সম্মত হয়েছেন। তবে তিনি বলেছেন, খাতভিত্তিক নয়, কেন্দ্রীয়ভাবে একটি মূল্য সংযোজনের হার বলা থাকবে। যেমন জুয়েলারি শিল্প। এই শিল্পে মূল্য সংযোজনের হার কখনো ১০ শতাংশের বেশি হয় না। কোনো গয়না ১০০ টাকায় বিক্রি হলে এর মধ্যে ৯০ টাকাই থাকে সোনার দাম। এ কারণে ভারতে সোনার গয়নায় ১ শতাংশ মূসক। আমাদের দেশে ৫ শতাংশ, আগামী বাজেটে ১৫ শতাংশ। নতুন হার কার্যকর হলে জুয়েলারি শিল্প ধসে যাবে।
প্রথম আলো: অনেকেই তো মূসকের হার ১৫ শতাংশ থেকে কমাতে বলছেন।
মনজুর আহমেদ: বড় ব্যবসায়ীরা কমাতে বলার পেছনে একটি কারণ আছে। বড় কোম্পানি, যারা হাজার কোটি টাকা মূসক দেয়, তাদের হার কমালে সুবিধা। ধরেন মূসকের হার ৭ শতাংশ করা হলো, এতে যারা এক হাজার কোটি টাকা মূসক দিত, তাদের দেওয়া মূসকের পরিমাণ ৬০০ কোটি টাকা কমে যাবে। এর ফলাফল কী, এতে সরকারের মূসক থেকে রাজস্ব ৬০ শতাংশ কমে যাবে। এতে ৮৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি খাতের সমস্যার কোনো সমাধান হবে না।
প্রথম আলো: অর্থমন্ত্রী লেনদেনের পরিমাণ বাড়ানো, মূল্য সংযোজনের ওপর মূসক আরোপের বিষয়ে সম্মত হয়েছেন বলে আপনি বলছেন। তৃতীয় বিষয়টি কী?
মনজুর আহমেদ: তৃতীয় বিষয়টি হলো, যারা মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ ধরে মোট মূল্যের ওপর ৩ শতাংশ লেনদেন কর দেবে, তাদের কাছ থেকে পণ্য কিনলে রেয়াত নেওয়ার সুযোগ দেওয়া। ধরেন, একজন ব্যবসায়ী ৩ শতাংশ মূসকে যন্ত্রাংশ কিনে বড় একটি যন্ত্র তৈরি করলেন। এ ক্ষেত্রে তিনি যে ৩ শতাংশ মূসক দিয়েছেন, সেটি রেয়াত নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আমরা রেয়াত নেওয়ার সুযোগ চাইছি, অর্থমন্ত্রী সম্মত হয়েছেন। সব মিলিয়ে এই তিনটি জিনিস সুরাহা হয়ে গেলে মূসক আইনে বড় কোনো সমস্যা থাকবে না।
প্রথম আলো: ছোট সমস্যা কী থাকতে পারে?
মনজুর আহমেদ: রপ্তানি খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হয় না। এ ক্ষেত্রে স্থানীয় কাঁচামাল ব্যবহার করলে সেটির ওপর দেওয়া কর ফেরত দেওয়া হয়। কিন্তু নতুন মূসক ব্যবস্থায় তা রাখা হয়নি। এটা আমরা সরকারকে বলেছি, তবে সরকার এটা নিয়ে বোঝার পর্যায়ে নেই। বিজিএমইএসহ রপ্তানিকারকেরা এ নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করছে না। এটা আমার কাছে দুর্ভাগ্যজনক মনে হয়।
প্রথম আলো: পণ্যমূল্যের ওপর নতুন মূসক আইন কী ধরনের প্রভাব ফেলতে পারে?
মনজুর আহমেদ: একটি পণ্য ক্রেতার হাতে পৌঁছাতে কমপক্ষে তিনটি ধাপ পার হতে হয়। এতে আমদানি বা উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ, পরিবেশক পর্যায়ে ১৫ শতাংশ ও খুচরা পর্যায়ে ১৫ শতাংশ—এই তিন পর্যায়ে ৪৫ শতাংশ মূসক হবে। এতে পণ্যের দামে মূসকের আপাতন অনেক বেশি হবে।
প্রথম আলো: কিন্তু এখানে তো রেয়াতের ব্যবস্থা থাকবে। রেয়াত নিলে মূসকের আপাতন কম হবে না?
মনজুর আহমেদ: রেয়াত নেবেন ব্যবসায়ী, ক্রেতার ওপর তো ১৫ শতাংশই আরোপ হবে। ধরেন চিনি আমদানির সময় ১৫ শতাংশ মূসক আদায় করা হলো। এতে ১০০ টাকার চিনির দাম হবে ১১৫ টাকা। আমদানিকারক পরিবেশকের কাছে কেজিতে ৫ টাকা লাভ ধরে ১২০ টাকা কেজিতে বিক্রির সময় ১৫ শতাংশ মূসক ধরে ১৩৮ টাকায় বিক্রি করবেন। ফলে আমদানিকারকেরা মূসক আদায় করবেন ১৮ টাকা, রেয়াত নেবেন আগে দিয়ে আসা ১৫ টাকা। ফলে তিনি জমা দেবেন ৩ টাকা। এভাবে ক্রেতা পর্যায়ে কমপক্ষে মূসকের ভার হবে ৪৫ শতাংশ। এ ক্ষেত্রে অনেক কিছু বোঝানো হয়, তা আসলে ঠিক না। এ জন্যই আমরা চাইছি মূল্য সংযোজনের ওপর মূসক।
প্রথম আলো: ধরেন, একটি পণ্য ১০০ টাকায় কিনে ১২০ টাকায় বিক্রি করা হলো। এ ক্ষেত্রে মূল্য সংযোজন হলো ২০ টাকা। ১৫ শতাংশ মূসক কি ওই ২০ টাকার ওপর বসবে না?
মনজুর আহমেদ: এটা হলে তো কোনো সমস্যাই ছিল না। ক্রেতা পর্যায়ে মূসকের আপাতন কম থাকত। নতুন আইন বলছে, ২০ টাকা নয়, মূসক বসবে ১২০ টাকার ওপর। আমরা বলছি, যেখানে রেয়াত নেওয়ার সুযোগ থাকবে, সেখানে মোট মূল্যের ওপর মূসক বসবে। আর যেখানে রেয়াত নিতে পারবে না, সেখানে মূল্য সংযোজনের ওপর মূসক বসবে। নইলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প টিকবে না। কারণ, এই স্তরে রেয়াত শৃঙ্খল নেই।
প্রথম আলো: খুচরা পর্যায়ে কেনাকাটায় এখন সুপারশপে আলাদা মূসক দিতে হয়। এ বিষয়ে কী হওয়া উচিত?
মনজুর আহমেদ: দোকান পর্যায়ে আমরা লেনদেনের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ লেনদেন করের কথা বলেছি। এ ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয়। আর কত টাকা লেনদেন হয়েছে তা আয়কর হিসাবেই পাওয়া যায়।
প্রথম আলো: ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) কতটা জরুরি?
মনজুর আহমেদ: দোকানদার ইসিআর রাখবেন তাঁর দোকানের পণ্যের জমা ও বিক্রির হিসাব রাখার জন্য। ইসিআরের মূসক আদায় পুরোপুরি নিশ্চিত করে না। কারণ এটির ব্যবহার ছাড়াও পণ্য বিক্রি করা যায়।