আমরা সবচেয়ে বড় ব্যাংক হতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: ইস্টার্ন ব্যাংকের গ্রাহকেরা নতুন কী পণ্যসেবা পেতে যাচ্ছেন? আলী রেজা ইফতেখার: আগামী ১ জুলাই থেকে ইস্টার্ন ব্যাংকের একটি চাঞ্চল্যকর পণ্য আসছে। এর নাম ইবিএল স্কাইমাইল। যেসব গ্রাহক ইবিএলের ভিসা প্লাটিনাম ও সিগনেচার কার্ড ব্যবহার করেন, তাঁরা স্কাইমাইল সুবিধা পাবেন। অর্থাৎ ক্রেডিট কার্ডে টাকা খরচ করলেই স্কাইমাইল অর্জন করবেন। এর ফলে একটা পর্যায়ে যেকোনো এয়ারলাইনে বিনা মূল্যে ভ্রমণ টিকিট পাবেন। প্রতি ৬০ টাকা খরচ করলে এক স্কাইমাইল পাওয়া যাবে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ যদি সাড়ে চার লাখ টাকা খরচ করেন, তাতে যে পরিমাণ স্কাইমাইল অর্জন করবেন, তা দিয়ে ঢাকা-কলকাতা পথে যেকোনো এয়ারলাইনের বিনা মূল্যে একটি টিকিট পাবেন। আগামী দু-তিন মাসের মধ্যে ডেবিট কার্ডেও এ সুবিধা দেওয়া হবে। প্রথম আলো: গ্রাহকেরা ইস্টার্ন ব্যাংকের কাছে আর কী পাচ্ছেন?আলী রেজা: স্মার্টফোনের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের যেকোনো গ্রাহক নিকটবর্তী এটিএম বুথ বা শাখার অবস্থান জানতে পারেন। এমনকি কীভাবে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবেন, তার নির্দেশনা পাওয়া যাবে। এ ছাড়া নিকট ভবিষ্যতে ভিসা ইনফিনিটিভ কার্ড চালু করা হবে। সাধারণত এই কার্ডে অর্থ উত্তোলনের কোনো সীমা থাকে না। তবে ইবিএলের এই কার্ডে ২০ হাজার ডলার পর্যন্ত তোলা যাবে। কিন্তু ব্যাংকই নির্বাচন করবে, কাকে এই কার্ড দেওয়া হবে। আমার মতে, এ দেশে এই কার্ড ব্যবহারে সামর্থ্যবান ৩০০ থেকে ৪০০ গ্রাহক রয়েছেন। প্রথম আলো: ইবিএলের ব্যবসায়িক অবস্থা সম্পর্কে একটু বলুন। আপনাদের অর্থায়নের বিশেষ কোনো দিক আছে কি?আলী রেজা: ২০১২ সালের মূল্যায়নে ইবিএল হলো দেশের দ্বিতীয় শক্তিশালী ব্যাংক। গত বছর আমরা সবচেয়ে বেশি ভিসা কার্ড ইস্যু করেছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি বিশেষ করে কৃষি ও ব্যবসায় ঋণ দেওয়া হচ্ছে। ইস্টার্ন ব্যাংকের ঋণের মধ্যে এসএমই খাতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। ইস্টার্ন ব্যাংক বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও নভো এয়ার—এই তিনটি প্রতিষ্ঠানে অর্থায়ন করেছে। এ ছাড়া দুটি হেলিকপ্টার সার্ভিস প্রতিষ্ঠানেও অর্থায়ন করা হয়েছে। এয়ারলাইন ব্যবসায় অর্থায়নের বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার মতো দক্ষতা অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক। এটা ব্যাংকিং-জগতে নতুন মাত্রা যোগ করছে। প্রথম আলো: দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতির আলোকে ইস্টার্ন ব্যাংকের দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?আলী রেজা: গত কয়েক বছরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। এটা কমানোই গোটা ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ। ব্যাংক দাতব্য সেবা নয়, এখানে জনগণের টাকা নিয়ে ব্যবসা করতে হয়। তাই ইস্টার্ন ব্যাংক শহর ও উপশহর এলাকায় শাখা খুলেছে। তবে পল্লি এলাকায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে কৃষি ব্যাংক আছে। দীর্ঘ মেয়াদে ব্যাংকের স্থিতিশীলতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য ধাপে ধাপে এগোতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। বাজারে দক্ষ মানবসম্পদ কম। তাই ইস্টার্ন ব্যাংক প্রতিবছর ৫০ থেকে ৭০ জন নতুন কর্মকর্তা নেয়। তাঁদের দক্ষ মানবসম্পদে পরিণত করে তোলা হবে। উই উইল রিক্রুট অ্যাটিচ্যুড, নট স্কিল। আমরা সবচেয়ে বড় ব্যাংক হতে চাই না। চাই কার্যকর ব্যাংক হিসেবে অবস্থান জোরালো করতে।প্রথম আলো: গত পাঁচ বছরে দেশের আর্থিক খাতে, বিশেষত ব্যাংক খাতে কী ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করেন? আলী রেজা: পাঁচ বছর আগে ব্যাংকব্যবস্থায় তারল্য সংকট ছিল। এখন সেই সংকট নেই। তবে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সুশাসনের অভাবে জালিয়াতি বাড়ছে। হল-মার্ক, ডেসটিনির মতো বিভিন্ন ধরনের জালিয়াতির ঘটনা ঘটছে। আর এসব ঘটনা ঘটেছে ব্যবস্থাপনা পর্যায়ে দুর্বল নিয়ন্ত্রণের কারণে, ব্যাংকগুলোতে দুর্বল নজরদারি ও সুশাসনের অভাবে। প্রথম আলো: আগামী দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। এমন অবস্থায় বেসরকারি খাতে বিনিয়োগ কতটা উৎসাহিত হবে? আলী রেজা: আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিনিয়োগপ্রবাহে ভাটা থাকবে, বিনিয়োগকারীদের মধ্যে জড়তা থাকবে। তাঁরা দেখতে চাইবেন যে, কী হচ্ছে। তবে ব্যাংকগুলো বিনিয়োগের জন্য ঋণ প্রদানে প্রস্তুত আছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমবে নির্বাচন পর্যন্ত। ১৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয় রয়েছে। এ জন্য মূল্যস্ফীতির চাপ কমানোর উদ্যোগ নিতে হবে। এতে আমানত ও ঋণের সুদের হার কমবে। প্রথম আলো: বাংলাদেশে বন্ড বাজারের সম্ভাবনা কতটা?আলী রেজা: বাংলাদেশে বন্ড বাজারের বিরাট সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার বাজার প্রস্তুত রয়েছে। কিন্তু শেয়ারবাজারে স্থিতিশীলতার অভাব রয়েছে। কোম্পানিগুলোর নিজেদের মধ্যে এই বন্ডের বাজার-চাহিদা উন্নত হয়নি। এসব কারণে প্রাথমিক ও সেকেন্ডারি বন্ড বাজার তৈরি হয়নি। বন্ড বাজার উন্নত করতে কোম্পানি বা প্রতিষ্ঠানকে তার ব্যবসার সফলতা দিয়ে পণ্যে রূপান্তরিত করতে হবে। [সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]