আমাদের আন্তরিকতার ঘাটতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিউদ্দিন আহমেদ সভাপতি, বিএফএলএলএফইএ
মহিউদ্দিন আহমেদ সভাপতি, বিএফএলএলএফইএ

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরের পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তর এখনো প্রাথমিক পর্যায়ে। ট্যানারির মালিকেরা বলছেন, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিসিক এখনো পুরোপুরি প্রস্তুত নয়। অন্যদিকে বিসিক বলছে তারা প্রস্তুত। এসব নিয়ে কথা বলেছেন চামড়া শিল্পনগরীর প্রকল্প পরিচালক আবদুল কাইউম ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার ও রাজীব আহমেদ

প্রথম আলো:
চামড়া খাত এখন দেশের শত-কোটি ডলার রপ্তানি আয়ের শিল্প। অনেকে বলে থাকেন এ খাতের সম্ভাবনা আরও বেশি। আসলে তা কতটুকু?

মহিউদ্দিন আহমেদ: বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি এখন সাড়ে ৬ শতাংশের ওপরে থাকছে। প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু আয় বাড়ছে। এভাবে হতে থাকলে ২০২১ সাল নাগাদ দেশের মাথাপিছু আয় ১ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যাবে। ওই সময় ১ কোটি ৮০ লাখ লোক যদি বছরে এক জোড়া জুতা ও এক জোড়া স্যান্ডেল কেনে, তাহলে দেশের বাজারের আকার দাঁড়াবে ৮ হাজার কোটি টাকা। অন্যান্য চামড়াজাত পণ্য মিলিয়ে ১০ হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বাজার তৈরি হবে। অন্যদিকে চীন থেকে শুধু ৩ শতাংশ বাণিজ্য এ দেশে চলে এলে ৮০০ কোটি ডলারের রপ্তানি বাজার পাবে বাংলাদেশ। মজুরি বেড়ে যাওয়ায় ক্রেতারা চীন থেকে সরে আসবে। সব মিলিয়ে আগামী পাঁচ বছরে ৪০০ কোটি ডলার রপ্তানি ও ১০০ কোটি ডলারের স্থানীয় বাজার পাব আমরা। এতে পাঁচ লাখ লোকের নতুন কর্মসংস্থান হবে।

প্রথম আলো: রপ্তানির এ সম্ভাবনা ধরার ক্ষেত্রে চামড়াশিল্পকে সম্মত করার গুরুত্ব কতটুকু?

মহিউদ্দিন আহমেদ: সম্ভাবনা ধরার জন্য সবচেয়ে বেশি দরকার পরিবেশ রক্ষা করে চামড়া উৎপাদন করা। বাংলাদেশে আসার ক্ষেত্রে বিদেশি ক্রেতারা এ দেশের চামড়াশিল্প পরিবেশসম্মত কি না তা দেখবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সাভারের চামড়া শিল্পনগরে পরিবেশসম্মত শিল্প গড়তে পারলে ক্রেতারা অনায়াসে ক্রয়াদেশ দিতে পারবে। আগামী চার-পাঁচ বছরে কমপ্লায়েন্স অনেক বড় বিষয় হয়ে যাবে।

প্রথম আলো: ট্যানারিগুলোকে তো হাজারীবাগ থেকে সরিয়ে সাভারের চামড়া শিল্পনগরে নেওয়ার কাজ চলছে। সরকার বারবার সময় বেঁধে দিয়েও ট্যানারি সরাতে পারছে না।

মহিউদ্দিন আহমেদ: এ ক্ষেত্রে আমার কিছু কথা আছে। আমরা যদি ৬০ বছরের জঞ্জাল দুই বছরের মধ্যে পরিষ্কার করতে চাই, তাহলে সমস্যা হয়। সাভারে যে এলাকায় চামড়া শিল্পনগরী হচ্ছে, সেটি একটি নদীর তীর। সেখানে আমাদের অনেক গভীরে পাইলিং করে কারখানা করতে হচ্ছে। ট্যানারির যন্ত্রপাতি অনেক ভারী। শক্ত কাঠামোর ভবন না হলে ধসে পড়ার আশঙ্কা থাকে। কাজেই তড়িঘড়ি করে কোনো কিছু করতে গেলে ফলাফল ভালো আসে না।

প্রথম আলো: চামড়া শিল্পনগরী প্রকল্প নেওয়া হয়েছিল ২০০৩ সালে। এত দিনেও ট্যানারি সেখানে নেওয়া গেল না কেন?

মহিউদ্দিন আহমেদ: ২০০৩ সালে প্রকল্প নেওয়া হলেও আসলে কাজ শুরু হয়েছে ২০১৪ সালে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আসার পর সেখানে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) কাজ শুরু হয়েছে। তখন ট্যানারির মালিকেরা আশ্বস্ত হন যে সাভারে চামড়া শিল্পনগর বাস্তবায়িত হবে। সরকারের অবকাঠামো নির্মাণের কাজ শুরুর পর আমরাও ট্যানারির ভবনের কাজ শুরু করি। এরপর দেখা গেল বর্ষায় নদীর পানি এসে প্রকল্প এলাকা ভাসিয়ে দিচ্ছে। এরপর রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে কাজে দেরি হয়। আমরা যে টালবাহানা করছি না, আন্তরিকতার ঘাটতি নেই—এর প্রমাণ হলো কোনো ধরনের ব্যাংক ঋণ না পেয়েও আমরা প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি।

প্রথম আলো: ব্যাংক ঋণ কেন পাননি?

মহিউদ্দিন আহমেদ: ব্যাংক ঋণ দিতে জমি বন্ধক চায়। কিন্তু চামড়া শিল্পনগরের জমি এখনো আমাদের মালিকানায় দেওয়া হয়নি। বিসিক আমাদের আশ্বাস দিয়েছে এক মাসের মধ্যে জমি বুঝিয়ে দেবে। আমরা যদি জমির মালিকানার জন্য বসে থাকতাম তাহলে আজকে যে পরিমাণ কাজ হয়েছে, তা হতো না। আমরা মালিকানার জন্য বসে না থেকে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ তো ঠাট্টা-তামাশা করার জন্য নয়। সুতরাং, আমাদের আন্তরিকতা না থাকার অভিযোগটি সত্য নয়। সময়ক্ষেপণ হচ্ছে কাজের কারণে।

প্রথম আলো: শিল্পনগরের এখনকার পরিস্থিতি কী?

মহিউদ্দিন আহমেদ: যাঁর অর্থ আছে তিনি বেশিসংখ্যক শ্রমিক ব্যবহার করে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছেন। যাঁর অর্থের সংস্থান কম, তাঁর গতি কিছুটা ধীর। জমি বুঝে পেলে ব্যাংক ঋণ নিয়ে কাজ দ্রুত করা যেত। ব্যাংকগুলো টাকা দেওয়ার জন্য বসে আছে।

প্রথম আলো: কোরবানির সময় জবাই হওয়া পশুর চামড়া কি সাভারে প্রক্রিয়াজাত করা যাবে?

মহিউদ্দিন আহমেদ: ৩০ থেকে ৩৫টি ট্যানারি প্রায় প্রস্তুত হয়ে গেছে। তারা ওয়েট ব্লুর (চামড়া প্রক্রিয়াকরণের প্রথম ধাপ) কাজ কোরবানির আগেই শুরু করতে পারবে। এরা বড় ও মাঝারি ট্যানারি। এদের উৎপাদনক্ষমতা বেশি।

প্রথম আলো: শিল্পনগরে সরকারিভাবে যেসব অবকাঠামো তৈরি করে দেওয়ার কথা, সেগুলোর অবস্থা কী?

মহিউদ্দিন আহমেদ: প্রথম কথা হলো বিসিক কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়। আমরা যৌথভাবে এ শিল্পনগর গড়ে তুলছি। আমরা একই নৌকার যাত্রী। বিসিক বলছে, তারা কোরবানির সময় সিইটিপির দুটি মডিউল চালু করতে পারবে। বাকি কাজ পর্যায়ক্রমে শেষ হবে। আমরাও কিছু ট্যানারি চালু করব।

প্রথম আলো: তাহলে কোরবানির চামড়া কি হাজারীবাগে ঢুকবে?

মহিউদ্দিন আহমেদ: বেশ কিছু ট্যানারি কোরবানির সময় চালু হবে। কিছু ট্যানারি কোরবানির ৩০ দিন, কিছু ৬০ দিনের মধ্যে চালু হবে। একটু দেরি হলে সেটা কি অনেক বড় অপরাধ হবে? সুপ্রিম কোর্টের তো রায় আছে, হাজারীবাগে করলে দিনে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

প্রথম আলো: সরকার যদি হাজারীবাগে চামড়া নেওয়া বন্ধ করে দেয়?

মহিউদ্দিন আহমেদ: যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক, সেটি সব দিক বিবেচনা করে নিতে হবে। কোরবানি চামড়ার সবচেয়ে বড় উৎস। এ সময় চামড়া সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, এখন চামড়া সংগ্রহ করে না রাখলে পরে পাওয়া যাবে না।