আমাদেরও ভালো যাবে দেশে শান্তি থাকলে
>

আরও একটি বছর শেষ হলো। দেশের অর্থনীতি, আর্থিক খাতের জন্যও বছরটি ছিল আলোচিত-সমালোচিত। অর্থনীতিতে স্বস্তির পরশ যেমন ছিল, তেমনি ছিল দুশ্চিন্তার কারণও। যা কিছুই ঘটুক অর্থনীতিতে, এর প্রভাব এসে পড়ে মানুষের ওপর। শুক্কুর আলী, একজন সাধারণ ব্যবসায়ী। অর্থনীতির গতিপ্রকৃতির গভীর বিশ্লেষণ তাঁর জানা নেই। তাঁর জন্য কেমন ছিল বছরটি? শান্তিতে ব্যবসা করতে পেরেছেন তো? একজন সাধারণ মানুষ ও একজন অর্থনীতির গবেষকের কাছ থেকে বছরটির মূল্যায়ন জানার চেষ্টা ছিল প্রথম আলোর এ সপ্তাহের সাক্ষাৎকারে। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন ও রাজীব আহমেদ
প্রথম আলো: এ বছরটি আপনার কেমন গেল? ব্যবসা কেমন হয়েছে?
শুক্কুর আলী: এ বছরটা বেশ ভালোই গেছে। রেস্তোরাঁগুলোতে মাছের চাহিদা বেশি ছিল। তাই বেচাকেনা ভালো হয়েছে। তবে দুই মাস ধরে ব্যবসা একটু খারাপ। এ ছাড়া আমাদের ভালো গেলেও অনেকের ভালো যায়নি।
প্রথম আলো: দুই মাস খারাপ কেন?
শুক্কুর আলী: আমি বেশি বিক্রি করি ইলিশ। রূপচাঁদা, কোরালসহ কয়েকটি মাছ আমার দোকানে বিক্রি হয়। শীতে মাছের চাহিদা কমে যায়।
প্রথম আলো: তাহলে তো প্রতিবছরই এ সময়টা খারাপ যায়।
শুক্কুর আলী: হ্যাঁ। এটা প্রতিবছরই হয়। যেমন গত ইলিশ মৌসুমে দিনে দু-তিন লাখ টাকা বিক্রি করেছি। এখন ১৫ হাজার টাকাও হয় না।
প্রথম আলো: বছরটা আপনার ভালো গেছে। এর পেছনে কী কারণ আছে বলে আপনার মনে হয়?
শুক্কুর আলী: এ বছর দেশে শান্তি ছিল। হরতাল-অবরোধ ছিল না। যে বছর হরতাল-অবরোধ ছিল, তখন ব্যবসা তো অনেক খারাপ গিয়েছিল। এ ছাড়া এ বছর মাছ বেশি ধরা পড়েছে। আমরা বিক্রি করেছি বেশি।
প্রথম আলো: আপনার দোকানে কর্মী কতজন, তাঁদের কত বেতন দেন?
শুক্কুর আলী: কর্মী তিনজন। একজনকে দিনে ৮০০ টাকা, একজনকে ৬০০ টাকা ও একজনকে ৪০০ টাকা দিই। দোকানদারি করলে বেতন পায়, নইলে না।
প্রথম আলো: যেহেতু এ বছর আপনার ব্যবসা ভালো গেছে, সেহেতু আপনি কি জানুয়ারিতে তাঁদের বেতন বাড়াবেন?
শুক্কুর আলী: বাড়ানোর চিন্তা করছি। গত বছর জানুয়ারিতে তাদের দিনে ১০০ টাকা করে বাড়িয়ে দিয়েছিলাম। প্রতিবছরই বাড়াই।
প্রথম আলো: আপনার দোকানের পেছনে দিনে কত খরচ? ভাড়া কি বেড়েছে?
শুক্কুর আলী: আমরা দিনের হিসাব দিনে করি। দিনে সাড়ে ৪ হাজার টাকা খরচ। এর পরে লাভের চিন্তা। দোকান ভাড়া মাসে ২২ হাজার টাকা। ভাড়া এখনো বাড়েনি। চুক্তি ছয় মাস পরে শেষ হবে। তখন বাড়ানো-কমানোর সিদ্ধান্ত হবে।
প্রথম আলো: সার্বিকভাবে ২০১৬ সালে দেশ, আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বাজারের ব্যবসায়ীদের কেমন কেটেছে বলে আপনার মনে হয়? সামনে কেমন যাওয়ার আশা করছেন?
শুক্কুর আলী: আগের বছরের চেয়ে মোটামুটি ভালোই। তখন মাছের ব্যবসা আবার ভালোর দিকে যাবে। সব মিলিয়ে দেশে শান্তি থাকলে আমাদেরও ভালো যাবে।
প্রথম আলো: তাহলে আপনি বলছেন, আপনি হরতাল-অবরোধ চান না?
শুক্কুর আলী: হরতাল-অবরোধ চাওয়ার প্রশ্নই আসে না। আমি চাই দেশ যেভাবে নিরিবিলি চলছে, এভাবেই চলুক। মিটিং, মিছিল, হরতাল, অবরোধ, কারফিউ হলে আমাদের খুব কষ্ট হয়। বাজারে কোনো ক্রেতাই ঢোকে না। একেবারে বেচাকেনা বন্ধ থাকে।