
ইসলামী ব্যাংকের নেতৃত্ব পরিবর্তনের পর ব্যাংকটির কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, ‘দেশের ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করে ইসলামী ব্যাংকে টাকা রেখেছে। আপনারা গ্রাহকদের জানিয়ে দেবেন তাদের আমানত নিরাপদ আছে। আমানতের নিরাপত্তা বিধান করাই আমাদের প্রধান দায়িত্ব।’
আরাস্তু খান এও বলেছেন, ‘ব্যাংকটি পুরোপুরি শরিয়া ভিত্তিতে চলবে। নেতৃত্ব পরিবর্তন হলেও মূল উদ্দেশ্যের কোনো পরিবর্তন আসবে না। এটাও গ্রাহকদের জানিয়ে দেবেন।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইসলামী ব্যাংকের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরাস্তু খান এসব কথা বলেন। সম্মেলনে ইসলামী ব্যাংকের ৩১৮ শাখার ব্যবস্থাপকসহ শীর্ষ পর্যায়ের পাঁচ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিঞার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম। সম্মেলনে সব পরিচালকের মুখেই ছিল ব্যাংকটির নেতৃত্ব পরিবর্তনের কথা। পাশাপাশি বঙ্গবন্ধুর উদ্যোগেই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে—এও বলেছেন অনেকে।
আরাস্তু খান বলেন, ‘অন্য ধর্মের কেউ শরিয়া মেনে ব্যাংকিং করতে চাইলে তাঁকে নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগ, পদোন্নতি সবকিছুই মেধার ভিত্তিতে হবে। কারও চাকরি যাবে না। ব্যাংকের কেউ কোনো দলের রাজনীতি করবেন না। এই ব্যাংকের কর্মীদের বেতন অন্যদের চেয়ে কম, সবার বেতন বাড়ানো হবে। পরিবর্তনে গভর্নর খুশি, অর্থমন্ত্রী ভালোভাবে নিয়েছেন (ভেরি পজিটিভ)।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম বলেন, ‘ব্যাংকের মাত্র ৪ শতাংশ অর্থ গরিবের মাঝে গেছে, এটা কি প্রকৃত ইসলাম। এটা কি ইসলামি ব্যাংকিং? ব্যাংকের সবকিছুর দিকে খেয়াল রাখছি। পুরোনো গ্রাহকদের মধ্যে কারা ঋণ পাচ্ছে, কার ঋণ পুনঃ তফসিল হচ্ছে, সব পুঙ্খানুপুঙ্খ জানা আছে। সামাজিক দায়বদ্ধতা তহবিলের ৮৫ কোটি টাকার সুবিধাভোগী কারা, তাও জানা আছে। সারা দেশ থেকে টাকা তুলে খাতুনগঞ্জ, মতিঝিল, বনানীতে ঋণ দিলে চলবে না। সারা দেশে ঋণ ছড়িয়ে দিতে হবে। এ বছর আড়াই হাজার কোটি টাকা মুনাফা করতে হবে।’
আহসানুল আলম বলেন, ‘যারা ব্যাংক ধ্বংসের কথা বলছে, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা ধর্মীয় রাজনীতি চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার সমর্থন করি না। দলীয় পরিচয় যার যে হোক, ব্যাংকে সবার চাকরি থাকবে। তবে অন্যায় করলে অন্য ব্যাংকের মতো এই ব্যাংকও ছেড়ে দিতে হবে।’
আহসানুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করে এসেছি জিডিপিতে ১ শতাংশ ভূমিকা রাখবে এই ব্যাংক। গণমাধ্যমের লোকদের ভুল বোঝানো হচ্ছে যে ব্যাংকে নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকে ২৪ জন নিয়োগ পেয়েছে, আগের এমডি অনুমোদন করে গেছেন।’ দেশের প্রতিটি গণমাধ্যমের কর্ণধার তাঁর তৈরি করা বলেও দাবি করেন তিনি।
ব্যাংকের পরিচালক মো. সিরাজুল করিম বলেন, এটা সুদবিহীন ব্যাংক—এটা প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধুই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। আরেক স্বতন্ত্র পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘পরিবর্তন অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। পরিবর্তন দরকার আছে। ব্যাংকের সব কর্মীর লক্ষ্য-উদ্দেশ্য এক না। কর্মীদের মধ্যে একটা ধূসর এলাকা রয়ে গেছে।’
আরেক পরিচালক আবদুল মতিন বলেন, ‘ব্যাংকের পরিবর্তন নিয়ে নানা গুজব আছে, তাতে কান দেবেন না। ব্যাংকে কারও চাকরি যাবে না। তবে শৃঙ্খলার বিঘ্ন ঘটালে সমস্যা আছে। আমি যেভাবে বলছি সেভাবেই চলবে। এর কোনো বিচ্যুতি ঘটলে আমি নিজেই পদত্যাগ করব।’
অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আহসানুল আলম উপস্থিত কর্মীদের ‘লেফটেন্যান্ট জেনারেল’ ও পরিচালক আবদুল মতিন ‘জেনারেল’ হিসেবে সম্বোধন করে ব্যাংকটিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সম্মেলন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ২০১৬ পর্যন্ত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩৩ কোটি টাকা, যা ২০১৫ সালের তুলনায় ৬ হাজার ৫০০ কোটি টাকা বেশি। এর মধ্যে সুদবিহীন আমানত ৬ হাজার ৭৪৩ কোটি টাকা। একই সময়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা এবং গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ।