আমানত বিমার প্রিমিয়াম জমা হবে অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বয়ংক্রিয় ব্যবস্থায় অনলাইনে আমানত বিমা ট্রাস্ট তহবিলে প্রিমিয়াম আদায় ও হিসাব সংরক্ষণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য নতুন একটি সফটওয়্যার সংযোজন করা হয়েছে।
নতুন এ সফটওয়্যারটি গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী পরিচালক আবদুল হক।
গভর্নর তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকে গচ্ছিত আমানতের সুরক্ষা দিতে ‘ব্যাংক আমানত বিমা আইন, ২০০০’ সংশোধনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত নতুন আইনে দুই লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষা দেওয়ার সুপারিশ রয়েছে। আগে যা ছিল এক লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতও সুরক্ষার আওতায় আনার সুপারিশ এতে রয়েছে। সংশোধনী পাস হলে বর্তমানে যেখানে ৮৫ শতাংশ আমানতকারী সুরক্ষা পান, তা বেড়ে ৯৩ শতাংশ হবে।