আমানত, ব্যক্তিগত ও গৃহ ঋণ নিয়েই যত আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানরত ব্যাংকিং মেলার দ্বিতীয় দিনে গতকাল বুধবার দর্শনার্থীরা বিভিন্ন ব্যাংকের সেবাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন l প্রথম আলো
ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানরত ব্যাংকিং মেলার দ্বিতীয় দিনে গতকাল বুধবার দর্শনার্থীরা বিভিন্ন ব্যাংকের সেবাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন l প্রথম আলো

আমানতের বেশি সুদ আর কম সুদে ব্যক্তিগত ও গৃহঋণ—এ নিয়েই যত আগ্রহ গ্রাহকের। ব্যাংকিং মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্টল ঘুরে ঘুরে সেই তথ্যই সংগ্রহ করছেন আগতরা। আগ্রহ রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই ঋণ নিয়েও।
ব্যাংকিং মেলার দ্বিতীয় দিনে গতকাল বুধবার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলে গ্রাহকদের এ আগ্রহের কথা জানা গেছে। ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ এ স্লোগানকে সামনে রেখে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথমবারের মতো পাঁচ দিনের এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার গভর্নর আতিউর রহমান এ মেলার উদ্বোধন করেন।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের স্টলে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বলেন, গত দুই দিনে আগত দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল কোন ধরনের আমানতে কত সুদ দেওয়া হয় আর ব্যক্তিগত ও গৃহঋণের সুদহার কত তা নিয়ে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী (এক্সিকিউটিভ) কর্মকর্তা তাজরীন রাব্বানী ও মধুমতি ব্যাংকের সহকারী কর্মকর্তা রত্না বেগম প্রথম আলোকে বলেন, গত দুই দিনে যত দর্শনার্থী ব্যাংকের সেবা ও পণ্য সম্পর্কে জানতে এসেছেন, তাঁদের অধিকাংশেরই আগ্রহ ছিল সুদহার নিয়ে। বিশেষ করে কোন ধরনের আমানতে অধিক সুদ পাওয়া যায় আর ব্যক্তিগত ও গৃহঋণের সুদহার কত, তাই বেশি জানতে চেয়েছেন।
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ ব্যাংকে বিভিন্ন নামে বিভিন্ন মেয়াদি স্থায়ী ও সঞ্চয়ী আমানত রয়েছে, সেগুলোর বার্ষিক সুদহার ৪ থেকে সাড়ে ১৩ শতাংশের মধ্যে। আর বিভিন্ন ধরনের ঋণের সুদহার ঋণ ভেদে ১৩ থেকে ১৬ শতাংশ। আমানতের ক্ষেত্রে পুরোনো ব্যাংকগুলোর চেয়ে নতুন ব্যাংকগুলোতে সুদহার কিছুটা বেশি।
মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ের মুখ্য (প্রিন্সিপাল) কর্মকর্তা মীর সাফাত নেওয়াজ প্রথম আলোকে বলেন, নতুন ব্যাংক হিসেবে তাঁদের ব্যাংকে বিভিন্ন ধরনের আমানতে সর্বনিম্ন ৪ থেকে সর্বোচ্চ সাড়ে ১৩ শতাংশ সুদ দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ সুদ দেওয়া হয় মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএসের বিপরীতে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদ হার সাড়ে ১৪ থেকে সাড়ে ১৬ শতাংশ। গৃহঋণের সুদ হার সাড়ে ১৩ থেকে সাড়ে ১৪ শতাংশ। আর এসএমই ঋণের সুদহার ১৩ থেকে ১৫ শতাংশের মধ্যে। এ ছাড়া পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় মহিলা উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা রয়েছে।
বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা আবদুস সালাম তালুকদার বলেন, স্থায়ী আমানতসহ তাঁদের ব্যাংকে বিভিন্ন নামে যেসব আমানত স্কিম রয়েছে, সেগুলোর সুদহার সর্বনিম্ন ৪ থেকে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত। এর মধ্যে সর্বোচ্চ ৮ শতাংশ সুদ দেওয়া হয় তিন বছর মেয়াদি স্থায়ী আমানতের ক্ষেত্রে। এ ছাড়া বিভিন্ন নামে যেসব ঋণ বিতরণ করা হয়, সেগুলোর সুদ হার সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত। তবে গৃহ ও ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদ হার সাড়ে ১৩ থেকে সাড়ে ১৪ শতাংশ।
মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা শুভ বলেন, তাঁদের ব্যাংকের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় দ্বিগুণ বৃদ্ধি আমানত। মেলায়ও এ আমানত স্কিমটি নিয়ে আগতদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। এ স্কিমের আওতায় যেকোনো গ্রাহক এককালীন যত টাকা জমা রাখবেন, সাড়ে সাত বছর পর তা দ্বিগুণ হবে।
এখনো পর্যন্ত মেলায় কাঙ্ক্ষিত দর্শনার্থী সমাগম ঘটেনি। তবে মেলার প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ মেলার প্রধান উদ্দেশ্য ছিল ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানকে একটি ছাতার নিচে জড়ো করে তাদের সেবাগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। প্রথমবারের আয়োজন হিসেবে দর্শনার্থী কম হলেও আমাদের বার্তাটি এরই মধ্যে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে।
মেলার দ্বিতীয় দিনেও গতকাল সকালে এসএমই খাত নিয়ে আর্থিক শিক্ষা প্রচারণা (ফিন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি ছিলেন গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। গভর্নর বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ছাড়া টেকসই ও সুষম আর্থিক উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা বাড়াতে মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিনের আয়োজনে ছিল সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।