আমানতকারী নিরাপত্তা তহবিল গঠন করতে যাচ্ছে এমআরএ
ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের আমানত রক্ষাকল্পে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) একটি ‘আমানতকারী নিরাপত্তা তহবিল’ গঠন করতে যাচ্ছে।এ লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মতামত জানতে আজ রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এমআরএর চেয়ারম্যান আতিউর রহমান এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এতে স্বাগত বক্তব্য দেবেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘আমানতকারী নিরাপত্তা তহবিল’ বিষয়ে প্রণীত একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইনডেক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আনোয়ার। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ এবং শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম প্রমুখ।এমআরএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।