নতুন করে যে পরিমাণ আমানত আসছে, কয়েকটি ব্যাংক তার দ্বিগুণ ঋণ বিতরণ করছে। ফলে ঋণ আমানত অনুপাতের সীমা অতিক্রম করছে ওই ব্যাংকগুলো। এভাবে আগ্রাসী ব্যাংকিং করায় গ্রাহকদের আমানত ঝুঁকিতে পড়ছে। এতে পুরো ব্যাংক খাতে আমানতের চেয়ে ঋণ দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ ৫০ টাকা আমানত এলে ব্যাংকগুলো ঠিক ওই সময়ে ১০০ টাকা ঋণ বিতরণ করছে। ঋণের অর্থ জোগান দিতে অনেক ব্যাংক বিভিন্ন বিল ও বন্ডে থাকা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে। সংকটে থাকা কয়েকটি ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করে ব্যবসা টিকিয়ে রেখেছে।
এদিকে আমানতের সুদ হার কমে যাওয়ায় অনেকটা ব্যাংকবিমুখ হয়ে পড়ছেন গ্রাহকেরা। সঞ্চিত অর্থ বিনিয়োগে সবাই সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন। ঝুঁকি নিয়ে অনেকে শেয়ারবাজার ও সমবায় সমিতিতেও অর্থ বিনিয়োগ করছেন। আমানতের চেয়ে ঋণ বিতরণ বেশি হওয়ায় কয়েকটি ব্যাংক তারল্য-সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঋণের চাপ বাড়ায় ইতিমধ্যে কলমানিতেও সুদের হার বেড়ে গেছে।
সুদ হার কমায় দুই বছর ধরেই আমানতের প্রবৃদ্ধি কমে গেছে। ঋণের চাহিদা না থাকায় ব্যাংকগুলোও আমানতের দিকে নজর দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে ঋণ বিতরণ অনেক বেড়েছে। যদিও চাহিদানুযায়ী আমানত বাড়েনি। ফলে আবারও সুদ হার বাড়াতে শুরু করেছে ব্যাংকগুলো।
ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সুদ কম হওয়ায় গ্রাহকেরা সঞ্চয়পত্র ও শেয়ারবাজারে ঝুঁকেছেন। এ কারণে আমানতের প্রবৃদ্ধি কমে গেছে। এরপরও কয়েকটি ব্যাংক ঋণের ক্ষেত্রে আগ্রাসী হয়ে উঠেছে। সামনে সরকারি ও জ্বালানি খাতে ঋণের চাহিদা বাড়বে। এ কারণে ব্যাংকগুলোর ভেবেচিন্তে বিনিয়োগে যাওয়া উচিত হবে।
স্বাভাবিকভাবে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি কম হওয়ার কথা। আমানত ও ঋণের প্রবৃদ্ধি ২০১৪ সালের জানুয়ারিতে ছিল যথাক্রমে ১৬ দশমিক ৬৮ ও ১০ দশমিক ৬৮ শতাংশ। আর গত আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৯৫ শতাংশ। ওই সময়ে ঋণের প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ।
বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকে গত আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ। তবে ওই সময়ে ব্যাংকটির ঋণের প্রবৃদ্ধি ছিল ৩০ দশমিক ২৯ শতাংশ। এর ফলে ঋণ আমানত অনুপাত হয়েছে ৯০ শতাংশ। যদিও প্রচলিত ধারার ব্যাংকগুলোর জন্য ওই সীমা ৮৫ শতাংশ ও ইসলামি ধারার ব্যাংকগুলোর জন্য ৯০ শতাংশ।
বেসরকারি খাতের এবি ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে পড়েছে। আমানতের প্রবৃদ্ধি ঋণাত্মক ৯ শতাংশ হলেও ঋণের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫ শতাংশ। ইসলামী ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হলেও ঋণের প্রবৃদ্ধি প্রায় ১৮ শতাংশ। ফারমার্স ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি ২৭ শতাংশ হলেও ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ। ফলে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া ঋণ আমানত অনুপাতের সীমা অতিক্রম করেছে ব্যাংকটি।
এনসিসি ব্যাংকের আমানত ও ঋণের প্রবৃদ্ধি যথাক্রমে ১৪ ও ২১ শতাংশ। ফলে ঋণ আমানত অনুপাত বেড়ে হয়েছে ৯০ শতাংশ। ওয়ান ব্যাংকের আমানত ও ঋণের প্রবৃদ্ধি যথাক্রমে ১৭ ও ৩০ শতাংশ। ব্যাংকটির ঋণ আমানত অনুপাত বেড়ে হয়েছে ৯০ শতাংশ। নতুন প্রজন্মের ইউনিয়ন ব্যাংকেরও ঋণ আমানত অনুপাত ৯০ শতাংশ ছাড়িয়েছে। বেসিক ব্যাংকও আবার আগ্রাসী ব্যাংকিং শুরু করেছে। ফলে ব্যাংকটির ঋণ আমানত অনুপাত ৯৫ শতাংশ ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৩৭৪ কোটি টাকা। এই সময়ে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৪৭০ কোটি টাকা। একটি ব্যাংক আমানতের ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। ইসলামি ব্যাংকগুলো পারে ৯০ শতাংশ পর্যন্ত।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ‘মুনাফার হার কমায় আগের মতো আমানত মিলছে না। এ জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়ে আমানত সংগ্রহ করেছি। বন্ডে থাকা বিনিয়োগও প্রত্যাহার করা হচ্ছে।’
সঞ্চয়পত্রে টাকা খাটিয়ে ব্যাংক আমানতের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা। এতে সঞ্চয়পত্রের বিক্রি বেড়েছে ব্যাপক। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি থেকে ৯ হাজার ২৯ কোটি টাকা নিয়েছে সরকার। এতে সঞ্চয়পত্রে সরকারের মোট ঋণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অধিক মুনাফার আশায় শেয়ারবাজারেও যাচ্ছেন মানুষ। ২০১৬ সালেও দেশের দুই বাজারে গড় লেনদেন ছিল ৫০০ কোটি টাকার আশপাশে। তবে চলতি বছরের শুরু থেকেই লেনদেন বাড়তে শুরু করে। বাজেট ঘোষণার পর গড় লেনদেন হাজার কোটি টাকাও ছাড়িয়ে যায়।