টাকা জমা রাখতে কোন ব্যাংককে বেছে নিচ্ছেন গ্রাহকেরা, তা জানতে হলে আমানতে শীর্ষে অবস্থান করছে কোন ব্যাংক, তা জানতে হবে। দেখা গেছে, রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এখনো আমানত গ্রহণে শীর্ষে অবস্থান করছে। ব্যাংকটিতে আমানতের পরিমাণ ৮৪ হাজার ১২৫ কোটি টাকা। সরকারি ও বেসরকারি দুই ধরনের আমানত নিয়েই এটি শীর্ষে।
এরপরই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে আমানতের পরিমাণ ৬৩ হাজার ৪২০ কোটি টাকা। জনতা ব্যাংকে আমানতের পরিমাণ ৫৮ হাজার ২১৬ কোটি টাকা। গত ২১ এপ্রিল ব্যাংকগুলোর আমানতের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, গত ২১ এপ্রিল ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ১৮ হাজার ৯৯৪ কোটি টাকা। এর মধ্যে ১০ দশমিক ২৭ শতাংশ আমানত রয়েছে সোনালী ব্যাংকে। আমানতের ৭ দশমিক ৭৪ শতাংশ রয়েছে ইসলামী ব্যাংকে। জনতা ব্যাংকে রয়েছে ৭ দশমিক ১১ শতাংশ আমানত। অগ্রণী ব্যাংকে রয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ আমানত।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমরা শুরু থেকেই ছোট-বড় সব ধরনের গ্রাহককে কাছে টানার চেষ্টা করেছি। তাদের আমানত স্থায়ী হয়। ফলে আমানতে আমরা বেসরকারি ব্যাংকের মধ্যে ওপরে চলে এসেছি।’
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘গ্রামে-গঞ্জে শাখা থাকার ফলে বেসরকারি খাতের আমানত গ্রহণে আমরা এগিয়ে। তবে ভালো অঙ্কের সরকারি আমানতও রয়েছে।’
জানা গেছে, ব্যাংক খাতে আমানতে গড় সুদের হার কমে হয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে সঞ্চয়পত্রে সুদের হার ১০ শতাংশের ওপরে। এরপরও গ্রাহকেরা আমানত রাখতে ব্যাংকের দিকে ঝুঁকছেন।
জানা গেছে, রূপালী ব্যাংকের আমানতের পরিমাণ ২৭ হাজার ৫৫৪ কোটি টাকা, যা পুরো খাতের ৩ দশমিক ৩৬ শতাংশ। এবি ব্যাংকের আমানত ২২ হাজার ৬২১ কোটি টাকা, যা পুরো খাতের ২ দশমিক ৮২ শতাংশ। এক্সিম ব্যাংকের আমানত ২ দশমিক ৫৮ শতাংশ বা ২১ হাজার ১৫৩ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আমানত ২৩ হাজার ৮০৫ কোটি টাকা, যা পুরো আমানতের ২ দশমিক ৯১ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের আমানত ২১ হাজার ৪০৩ কোটি টাকা বা ২ দশমিক ৬১ শতাংশ, পূবালী ব্যাংকের আমানত ২২ হাজার ৭০৬ কোটি টাকা বা ২ দশমিক ৭৮ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আমানত ২২ হাজার ৪৩৯ কোটি টাকা বা ২ দশমিক ৭৪ শতাংশ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, ‘আমরা আমানতকারীদের জন্য বিভিন্ন পণ্যসেবা চালু রেখেছি। এ কারণে ভালো অঙ্কের আমানত ধরে রাখতে পারছি।’