আমানতের সুদ কমলেও ঋণে কমছে না
আমানতের সুদ হার কমিয়ে ব্যয়ের হ্রাস টানলেও চাহিদামতো ঋণের সুদ হার কমাচ্ছে না কয়েকটি ব্যাংক। মূলত মুনাফার পাল্লা ভারী রাখতেই এ কৌশল বেছে নিয়েছে কয়েকটি ব্যাংক। ফলে এসব ব্যাংকের আমানত ও সুদ হারের (স্প্রেড) ব্যবধান ৫ শতাংশের ওপরেই থাকছে। বারবার নির্দেশনা দেওয়ার পরও ব্যাংকগুলো সুদ হারের ব্যবধান ৫ শতাংশের নিচে নামাচ্ছে না।
ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ডের সুদ হার বাদ দিয়েই এ হিসাব করেছে বাংলাদেশ ব্যাংক। যাতে দেখা যাচ্ছে, গত মে মাসে বেসরকারি খাতের ৬ ব্যাংকের সুদ হারের ব্যবধান ৫ শতাংশের ওপরে ছিল। বেশির ভাগ বিদেশি ব্যাংকের ব্যবধান ছিল আরও বেশি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ব্যক্তিমালিকানাধীন ব্যাংকগুলো গ্রাহকদের দিকে নজর রাখছে না। এ জন্য প্রতিনিয়ত আমানতের সুদ হার কমিয়ে ফেলছে। বিকল্প বিনিয়োগের সুযোগ না থাকায় গ্রাহকেরাও ব্যাংকে বাধ্য হয়ে টাকা রাখছেন। অপরদিকে সরকারি ব্যাংকগুলো ফতুর হয়ে পড়ায় বড় গ্রাহকেরা এসব ব্যাংকের দিকে নজর দিয়েছেন। ব্যাংক মালিক ও ব্যবসায়ী নিজেদের মধ্যে লেনদেন করছেন। মুক্ত বাজার অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংকের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, তবে চাপে রাখতে পারে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় যে ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের সুদ হারের ব্যবধান নিম্নতর এক অঙ্ক পর্যায়ে সীমিত রাখতে হবে। নিম্নতর এক অঙ্ক বলতে অনূর্ধ্ব ৫ শতাংশকে বোঝানো হয়েছে। অর্থাৎ ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের সুদ হারের ব্যবধান ৫ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ঋণের মন্দাবস্থার কারণে ২০১৬ সাল থেকে ব্যাংকগুলো আমানতের সুদ হার কমাতে শুরু করে। ২০১৬ সালের জুনে বেসরকারি ব্যাংকগুলোতে আমানতে গড় সুদ হার ছিল ৫ দশমিক ৭১ শতাংশ ও ঋণে ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে আমানতে গড় সুদ হার কমে হয় ৫ দশমিক ১৩ শতাংশ ও ঋণে সুদ হার দাঁড়ায় ১০ দশমিক শূন্য ৭ শতাংশ। আর গত মে মাসে আমানতে সুদ হার হয় ৫ দশমিক ২১ শতাংশ এবং ঋণে ৯ দশমিক ৯৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মে মাসে ডাচ্-বাংলা ব্যাংকের গড় আমানত হার ছিল ২ দশমিক ৩৩ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩ দশমিক ৪৫ শতাংশ, উত্তরা ব্যাংকের ৪ দশমিক ৮৯ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৫ দশমিক শূন্য ৩ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৫ দশমিক ৪৯ শতাংশ ও ইউনিয়ন ব্যাংকের ৭ দশমিক ৬০ শতাংশ। বেসরকারি এ ব্যাংক ছয়টির ঋণ-আমানতের সুদ হারের ব্যবধান ছিল ৫ শতাংশের ওপরে।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে আমরা সুদ হারের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছি। তবে ব্যবধান গণনাপদ্ধতি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এটা পর্যালোচনা করার সুযোগ আছে।’
যোগাযোগ করা হলে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তো কোনো নির্দেশনা নেই, একটা পরামর্শ রয়েছে। তবে ঋণ সুদের হার আর কমানোর সুযোগ নেই। আর কম সুদেও জনগণ আমাদের ব্যাংকে টাকা রাখছে। তার মানে ব্যাংকের রেটিং ভালো, সেবা ভালো। এ কারণেই আমরা আমানত সংগ্রহ করতে পারছি। স্প্রেড বেশি মানেই তো খারাপ না। গত ১০ বছরে ব্র্যাক ব্যাংক যেভাবে এগিয়ে যাচ্ছে, তা ঈর্ষণীয়।’
