আমানতের সুদ হার কমতে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক
আমানতের সুদ হার ৫ শতাংশের নিচে নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংক ও আর্থিক ব্যবস্থাপনায় দায় সম্পদ ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ জন্য খেলাপি ঋণ কমিয়ে ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান (স্প্রেড) নিম্নগামী ধারায় রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোর আমানতের ওপর সুদ হার ঋণের সুদ হারের চেয়ে দ্রুত কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তা ৫ শতাংশের নিচে নেমে আসছে। আমানতের ওপর সুদ হার অত্যধিক কমে যাওয়া সঞ্চয় প্রবণতাকে ক্ষুণ্ন করছে। এতে সঞ্চয়ের বদলে অপচয়মূলক ভোগ ও অন্যান্য অনুৎপাদনশীল কাজে ব্যবহারের প্রবণতার ঝুঁকি সৃষ্টি বৃদ্ধি করছে। এ অবস্থা অব্যাহত থাকলে ব্যাংক ও আর্থিক খাতে দায় সম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে, যা বাঞ্ছনীয় নয়।
এ পরিপ্রেক্ষিতে আমানতের সুদ হার কমার প্রবণতা রোধে ব্যাংকের প্রধান নির্বাহীদের সক্রিয় থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঋণের সুদ হার নিম্নগামী রাখার জন্য স্প্রেড সংকোচন করতে হবে, খেলাপি ঋণ আদায়সহ ব্যবস্থাপনা দক্ষতার বিভিন্ন দিকে নজর রেখে; আমানতের সুদ হার সংকোচন করে নয়।’