আমি ফেরেশতা নই, ভুল করতেই পারি: রকিবুর
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সব ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এটা নিশ্চিত হলে বাজারের অস্থিরতা দূর হবে। একটি গতিশীল ও স্থিতিশীল পুঁজিবাজার গঠন করা সম্ভব হবে। আজ শনিবার প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে ডিএসইর নবনির্বাচিত সভাপতি এসব কথা বলেন।রকিবুর রহমান বলেন, ‘আমরা পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে আমিসহ সরকার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সর্বোপরি তালিকাভুক্ত কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। কোম্পানিগুলোকে করপোরেট কালচার চর্চার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে বিনিয়োগকারীদের বিভ্রান্তিতে পড়তে হবে না। বিনিয়োগের ক্ষেত্রে সবাই যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন।’রকিবুর আরও বলেন, শেয়ারবাজার বিনিয়োগের জায়গা, ‘ট্রেডিংয়ের’ নয়। তাই সবাইকে বিনিয়োগের মানসিকতা নিয়েই বাজারে আসতে হবে। বিনিয়োগের জন্য যাঁরা আসবেন, তাঁরাই প্রকৃত লাভবান হবেন। কোম্পানি দেখে ও বুঝে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।এর আগে গত বৃহস্পতিবার সভাপতি নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রকিবুর রহমান বলেন, ‘একটি ভিন্ন প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব দেওয়া হলো। গত এক বছরেরও বেশি সময় ধরে বাজারে অস্থিরতা চলে আসছে। বাজারের এই ক্রান্তিলগ্নে আমাদের প্রথম ও প্রধান কাজ হবে আস্থা ফিরিয়ে আনা। আর আস্থা ফিরে আসলে বাজার আগের অবস্থানে ফিরে আসবে।’রকিবুর রহমান আরও বলেন, শেয়ারবাজারে দরপতনের মূল কারণ বাজার অতি মূল্যায়িত হওয়া। আর এটা হয়েছিল চাহিদা অনুযায়ী শেয়ার সরবরাহ না থাকার কারণে। আর তাই ন্যায্য দামে ভালো ভালো নতুন কোম্পানি বাজারে নিয়ে আসার চেষ্টা করা হবে। তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রকিবুর রহমান বলেন, ‘আমি ফেরেশতা নই। মানুষ হিসেবে আমি ভুল করতে পারি, সে জন্য আমি ক্ষমা চাই। আমি সব সময় পুঁজিবাজার-বান্ধব একজন মানুষ। আমার কাজে এটা প্রমাণ করব।’নতুন জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান বোর্ড এসব চ্যালেঞ্জ সম্পর্কে অবগত। অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি ভালো গতিশীল ও স্থিতিশীল পুঁজিবাজার গঠনে চেষ্টা করা হবে।’গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমানকে সভাপতি, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালীকে জ্যেষ্ঠ সহসভাপতি ও জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানকে সহসভাপতি নির্বাচিত করা হয়।রকিবুর রহমান এর আগে দুই মেয়াদে ডিএসইর সভাপতির দায়িত্ব পালন করেন।