আমিরাতে সাতটি শোরুম খুলেছে ওয়ালটন
সংযুক্ত আরব আমিরাতে সাতটি নতুন শোরুম বা বিক্রয়কেন্দ্র খুলেছে বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটন। সেই দেশের দুবাই, আল আইন, আবুধাবি, শারজাহ, রাস আল খিয়ামসহ সাতটি স্টেটে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এসব শোরুম খোলা হয়।এসব শোরুমে ওয়ালটনের ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, মোবাইল ফোনসেট, স্টিম আয়রন ইত্যাদি পণ্য বিক্রি হচ্ছে। এর আগে আরব আমিরাতে ওয়ালটনের তিনটি শোরুম ছিল, যা এখন ১০টিতে উন্নীত হলো। আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশের প্রায় ১৫ লাখ মানুষ বাস করায় এবং সেখানে ওয়ালটন পণ্যের ব্যাপক চাহিদা থাকায় শোরুম বাড়ানো হয়েছে। এ জন্য একটি ওয়্যারহাউস নেওয়া হয়েছে এবং আরেকটি ওয়্যারহাউস নেওয়ার প্রক্রিয়া চলছে।উল্ল্লেখ্য, আগামী মাসের শেষের দিকে ওয়ালটনের নতুন ফ্রিজ কারখানায় উৎপাদনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেখানে উৎপাদিত বার্ষিক ছয় লাখ ফ্রিজের বেশির ভাগই তৈরি হবে আন্তর্জাতিক বাজারের জন্য।দুবাই ইতিমধ্যে বিশ্বের ব্যবসা-বাণিজ্যের একটি অন্যতম হাব বা কেন্দ্রে পরিণত হওয়ায় এই শহরকে ওয়ালটন পণ্যের আন্তর্জাতিক বাজারের কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। কারণ, এখান থেকে আফগানিস্তান, সৌদি আরব ও ইরানে ওয়ালটনের পণ্য সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া দুবাই থেকে আইভরি কোস্ট, ক্যামেরুন, নাইজেরিয়া, মালি, রাশিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ইউক্রেন প্রভৃতি দেশেও ওয়ালটনের পণ্য রপ্তানির প্রক্রিয়া চলছে।দুবাইয়ে ওয়ালটনের প্রধান পরিবেশক মো. মকবুল ট্রেডিং এলএলসির ব্যবস্থাপনা অংশীদার মাহমুদ মামুন জানান, তাঁরা দুবাই থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ওয়ালটনের পণ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন।ওয়ালটনের জ্যেষ্ঠ উপপরিচালক এবং ক্রিয়েটিভ ও পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম বলেন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যে ওয়ালটন ব্র্যান্ড আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় ও বিকশিত হচ্ছে।উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ১১টি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের পণ্য। এই সংখ্যা চলতি বছরেই ৫০টিতে উন্নীত হবে বলে উল্লেখ করেন ওয়ালটনের আন্তর্জাতিক বিপণনপ্রধান লোকমান হোসেন। বিজ্ঞপ্তি।