আমে অতিরিক্ত কীটনাশক ব্যবহার নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমচাষি ও ব্যবসায়ীরা কৃষিবিদদের কাছে না গিয়ে বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধি বা বিক্রেতাদের পরামর্শে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত পরিমাণে বালাইনাশক ব্যবহার করছেন। এতে আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তেমনি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে গতকাল শনিবার এক সেমিনারে বক্তারা এই অভিমত দেন। অ্যাগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম (বিইজিপি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে বলা হয়, সঠিক সময় ও পদ্ধতি অনুসরণ করা হলে একটি আমবাগানে সাধারণত তিন-চারবারের বেশি কীটনাশক ও ছত্রাকনাশক সেপ্র করা লাগে না। কিন্তু কীটনাশক প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধি ও বিক্রেতাদের পরামর্শে ও প্ররোচনায় আমচাষি ও ব্যবসায়ীরা ৩০ বারের মতো তা ব্যবহার করছেন। এ ছাড়া অনেকে আবার আম পরিপক্ব হওয়ার আগেই ইথানল ও কারবাইড ব্যবহার করছেন। এভাবে কীটনাশক কোম্পানি ও বিক্রেতারা বিপুল অঙ্কের মুনাফা হাতিয়ে নেন।চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আম গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের দুই উপসচিব মো. খায়েরুজ্জামান ও হামিদুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আহমেদ হোসেন ইকবাল ও চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুর রহমান।