আমের রস উৎপাদনে আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চল আমচাষি কল্যাণ সমিতি প্রস্তাবিত বাজেটে ফলের রস প্রক্রিয়াকরণের ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে।সমিতির নেতারা গত সোমবার নাটোরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক ও সহ-সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুল খালেক।সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, বিদেশ থেকে ফলের রস আমদানিতে সুবিধা দেওয়ার জন্য বাজেটে অপ্রত্যাশিতভাবে দেশে ফলের রস উৎপাদনের ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) ছাড়াও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। বাজেটে এই প্রস্তাব রাখার পরপরই ফলের রস উৎপাদক প্রতিষ্ঠানগুলো বাজারে ফ্রুট ড্রিংকস তথা আমের রসজাতীয় পানীয়ের চাহিদা কমে যাবে—এমন আশঙ্কায় চাষিদের কাছ থেকে আম ক্রয় ও আমের রস (পাল্প) উৎপাদন কমিয়ে দিয়েছেন। এ অবস্থায় আম উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত ২০ লাখ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, চাষিরাও আম চাষে আগ্রহ হারাবেন বলে আমচাষি কল্যাণ সমিতি মনে করে।এমদাদুল হক বলেন, এবার আমের ফলন ভালো হওয়ায় বাজারে ব্যাপক সরবরাহ রয়েছে। যে কারণে চাষিরা তুলনামূলকভাবে দাম কম পাচ্ছেন। অন্যদিকে বাজেটে নতুন শুল্ক আরোপ করায় আম প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোও আম কিনতে আগ্রহ দেখাচ্ছে না। এদিকে সংবাদ সম্মেলনের আগে কয়েক শ আমচাষি বাজেটে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে।