দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) মার্কিন কর্তৃপক্ষকে ১৯০ কোটি মার্কিন ডলার (১২০ কোটি পাউন্ড) জরিমানা দিতে রাজি হয়েছে। মানি লন্ডারিং বা অর্থের অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগ নিষ্পত্তি করতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকটি এই অর্থ জরিমানা দেবে। এটি হচ্ছে এ ধরনের বৃহত্তম জরিমানা পরিশোধের রেকর্ড। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের এক তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, এইচএসবিসি ইরান, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অর্থ পাচার বা অবৈধ লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশের সুযোগ করে দিয়েছে। এতে বলা হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে অর্থের অপব্যবহার মানা যায় না।গত জুলাই মাসে উত্থাপিত এই অভিযোগ মেনে নিয়ে যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকটি ক্ষমা চেয়েছে এবং স্বীকার করেছে যে অর্থের অবৈধ লেনদেন প্রক্রিয়ার ওপর তাদের নিয়ন্ত্রণ বেশ দুর্বল ছিল। তখন এইচএসবিসি গ্রুপের কমপ্লায়েন্স বা আইন পরিপালন বিভাগের প্রধান ডেভিড ব্যাগলে পদত্যাগ করতে বাধ্য হন।এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে যুক্তরাজ্যভিত্তিক আরেক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও ৩০ কোটি ডলারের জরিমানা পরিশোধ করবে। সূত্র: বিবিসি ও এএফপি।