আমেরিকার বাণিজ্য ঘাটতি বাড়ল
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি চলতি বছরের জুন মাসে এক লাফে বেড়ে চার হাজার ৯৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে। ২০০৮ সালের অক্টোবরের পর এটাই দেশটির সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি। জানা গেছে, জুন মাসে দেশটির পণ্য ও সেবা আমদানিতে বড় ধরনের উল্লম্ফন ঘটে। বিপরীতে বিদেশে পণ্য ও সেবা রপ্তানি ব্যাপকভাবে কমে যায়। ফলে বাণিজ্য ঘাটতিও বেড়ে যায়। মে মাসে বাণিজ্য ঘাটতি ছিল চার হাজার ২০০ কোটি ডলার।জুন মাসে আমেরিকা থেকে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ১৫ হাজার কোটি ডলারের কিছু বেশি, যা মে মাসে ছিল ১৫ হাজার ২৪০ কোটি ডলার। গত বছর এপ্রিল মাসের পর এটাই আমেরিকার পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় পতন। অন্যদিকে এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলারের সমপরিমাণ পণ্য আমদানি করেছে। মে মাসে আমদানির পরিমাণ ছিল ১৯ হাজার ৪৪০ কোটি ডলারের পণ্য।বিশ্লেষকেরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য আমদানি জুন মাসে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায়, জুন মাসে ভোগ্যপণ্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৩১০ কোটি ডলার। আবার চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি বেড়ে হয়েছে তিন হাজার ২৯০ কোটি ডলার। এটি ২০০৮ সালের অক্টোবর মাসের পর সর্বোচ্চ। এই তথ্য প্রকাশ হওয়ার আগে ওয়ালস্ট্রিটের ৬৭টি প্রতিষ্ঠান দেশটির জুন মাসের বাণিজ্য ঘাটতি সম্পর্কে পূর্বাভাস প্রকাশ করেছিল। কিন্তু প্রকৃত ঘাটতি সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এবং মে মাসের তুলনায় প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমদানি বৃদ্ধিকে চাহিদা শক্তিশালী হওয়ার লক্ষণ হিসেবে বিবেচনা করলেও রপ্তানি কমে যাওয়াকে বিশ্লেষকেরা দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নাজুক অবস্থা হিসেবেই দেখছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির সর্বশেষ তথ্য গত বুধবার প্রকাশ পাওয়ার পর এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের প্রধান প্রধান শেয়ারবাজার ও মুদ্রাবাজারে। জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।বুধবার যখন যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতির তথ্য প্রকাশ পায়, তখন এশিয়ার শেয়ারবাজারের দৈনিক কার্যক্রম শেষ হয়ে গেছে। আর তাই বৃহস্পতিবার এশিয়ার শেয়ারবাজারে দরপতন ঘটেছে। সূত্র: রয়টার্স।