আমেরিকায় তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি ২০১০ সালের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বার্ষিক হিসাবে দুই শতাংশ বেড়েছে। তবে আগের প্রান্তিকের তুলনায় তা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে।অব্যাহতভাবে বেকারত্বের হার বেড়ে যাওয়া এবং গৃহায়ণ মার্কেটের দুর্বলতা সত্ত্বেও আমেরিকার অর্থনীতি গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আশাব্যঞ্জক হারে বেড়েছে।এর আগে এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি ছিল। তবে চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চ সময়ে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল আরও বেশি, ৩ দশমিক ৭ শতাংশ।এদিকে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত সপ্তাহে অর্থনীতিকে চাঙা করতে অধিকতর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। আমেরিকায় অর্থনীতিতে বর্তমানে ৯ দশমিক ৬ শতাংশ বেকারত্বের মধ্যেও ধীরে ধীরে পুনরুদ্ধার প্রক্রিয়া চলছে।মার্কিন বাণিজ্য বিভাগের তথ্যমতে, পণ্যের মজুদ বৃদ্ধিসহ ব্যবসায়িক কর্মকাণ্ড প্রসারিত হওয়ার সুবাদে বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে।এদিকে উচ্চ হারে বেকারত্ব থাকা সত্ত্বেও আমেরিকায় এখন ভোক্তাব্যয় বাড়ছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির ভোক্তাব্যয় আগের প্রান্তিক ২ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।রেমন্ড জেমস অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান অর্থনীতিবিদ স্কট ব্রাউন বলেন, ‘অর্থনীতি এখন ইতিবাচক প্রবণতায় থাকলেও হতাশা রয়েছে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা যেখানে প্রত্যাশা করি, সেখানে নেই।’ বিবিসি অবলম্বনে।