আমেরিকায় বেকারত্বের হার ৮ শতাংশের ওপর
আমেরিকায় এপ্রিল মাসে এক লাখ ১৫ হাজার লোকের নতুন কর্মসংস্থান হয়েছে। তা সত্ত্বেও দেশটিতে বেকারত্বের হার এখনো ৮ দশমিক ১ শতাংশে রয়েছে, যা এর আগের মাসে ছিল ৮ দশমিক ২ শতাংশ।দেশটিতে বিগত আট মাস ধরে কর্মসংস্থানের হার বাড়লেও তা ৮ শতাংশের ওপরই রয়েছে। ২০০৯ সাল থেকে এ অবস্থা চলছে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ এ তথ্য-উপাত্ত প্রকাশ করেছে।আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘মন্দার সময়ে যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁদের সবার জন্য চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে আমাদের অনেক কিছুই করতে হবে।’অন্যদিকে বিরোধী দল রিপাবলিকান পার্টি থেকে আসন্ন সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির পক্ষে আন্দ্রে স্যাল নামে একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ওবামা তাঁর অসংখ্য প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর পর দুই মাস আমেরিকায় কর্মসংস্থান বেড়েছে। উভয় মাসেই দুই লাখ করে নতুন কর্মসংস্থান হয়েছে। কিন্তু এর পরে মার্চে কর্মসংস্থান কমে এক লাখ ৫৪ হাজারে নেমে আসে।আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আশা করছে, চলতি ২০১২ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৪ থেকে ২ দশমিক ৯ শতাংশের মধ্যে এবং বেকারত্বের হার আরও কমে ৭ দশমিক ৮ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে আসবে। বিবিসি অবলম্বনে।