আয় আড়াই লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না

বছরে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় হলে কর দিতে হবে না। এবারের বাজেটে সবচেয়ে বেশি স্বস্তি পেলেন সাধারণ করদাতারাই। তাঁদের স্বস্তি দিতে ব্যক্তিশ্রেণির করমুক্ত বার্ষিক আয়সীমা বাড়ানো হয়েছে।
সাধারণ করদাতাদের ক্ষেত্রে এ সীমা আড়াই লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে বেড়েছে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব পুরুষ করদাতা, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমা। করারোপের জন্য আয়ের স্তরগুলো পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছর পর্যন্ত সাধারণ ব্যক্তিশ্রেণির করমুক্ত বার্ষিক আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা।
এ বছর সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাদের আড়াই লাখ টাকা পর্যন্ত বছরে আয় হলে কোনো কর দিতে হবে না। এ সীমা অতিক্রম করলে পরের প্রথম ৪ লাখ টাকা, অর্থাৎ আড়াই লাখ থেকে সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য ১০ শতাংশ হারে কর দিতে হবে। এরপরের ৫ লাখ টাকা, অর্থাৎ ৬ লাখ ৫১ হাজার ১ টাকা থেকে সাড়ে ১১ লাখ টাকার জন্য ১৫ শতাংশ হারে কর দিতে হবে। পরের ৬ লাখ টাকা, অর্থাৎ ১১ লাখ ৫০ হাজার ১ টাকা থেকে সাড়ে ১৭ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ হারে কর বসবে। আর পরের ৩০ লাখ টাকা, অর্থাৎ ১৭ লাখ ৫০ হাজার ১ টাকা থেকে সাড়ে ৪৭ লাখ টাকার জন্য ২৫ শতাংশ হারে কর দিতে হবে। এরপর বাকি আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর বসবে।
অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, নারী করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতাদের জন্য করমুক্ত বার্ষিক আয়সীমা হলো ৩ লাখ টাকা। এরপর আয়ের প্রথম ৪ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, পরের ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরের ৩০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং বাকি আয়ের ওপর ৩০ শতাংশ কর বসবে।
প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত বার্ষিক আয়সীমা হলো ৩ লাখ ৭৫ হাজার টাকা। অন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের মতো প্রতিবন্ধী করদাতাদেরও একইভাবে আয়ের প্রথম ৪ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, পরের ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরের ৩০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং বাকি আয়ের ওপর ৩০ শতাংশ কর বসবে। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা। আর করহার একই রয়েছে।
দেশে ১৮ লাখ ব্যক্তির কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আয়কর দেন সামান্য কতিপয় ব্যক্তি, ১৬ কোটি মানুষের মধ্যে কমবেশি ১২ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান কর দেয়। অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরে সক্রিয় করদাতার সংখ্যা ৩০ লাখে উন্নীত করতে হবে। বর্তমানে উৎসে কর থেকেই আয়করের সিংহভাগ আদায় হয়। তাই উৎসে আয়কর কাটার জন্য একটি স্বতন্ত্র কর অঞ্চল গঠনের চিন্তাভাবনা চলছে।