আয়কর বিবরণী জমার শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার। তাই গতকাল রোববার কর কার্যালয়গুলোতে করদাতাদের বেশ উপস্থিতি ছিল।

অবশ্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর দাবি করা হয়েছে। এনবিআরও সেই দাবি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানা গেছে। আজ সন্ধ্যায় এক মাস সময় বাড়ানোর ঘোষণা আসতে পারে।

এর আগে বিকেলে কর কমিশনারদের সঙ্গে আয়কর মেলা, ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।

প্রতিবারই আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক বা একাধিক দফায় বাড়ানো হয়।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সব বিভাগীয় শহর ও জেলায় অনুষ্ঠিত করমেলায় এবার এক লাখ ৩২ হাজার বিবরণী জমা পড়েছে। আর আয়কর পাওয়া গেছে এক হাজার ১১৭ কোটি টাকা। তবে সার্কেল কার্যালয়ে কী পরিমাণ বিবরণী জমা পড়েছে, সেই চূড়ান্ত হিসাব এখনো পায়নি এনবিআর। গতবার প্রায় সাড়ে ১২ লাখ টিআইএনধারী বা কর শনাক্তকরণ নম্বরধারী বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন।

এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিটার্ন জমার সময় যদি বাড়ানো হয়, তবে আগামীকাল (আজ) বিকেলে ঘোষণা করা হবে।’

এ বছর আয়কর বিবরণী জমায় ই-টিআইএন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন করদাতারা।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-টিআইএন করার সময় থাকলেও চলতি করবর্ষের (২০১৩-১৪) বিবরণী জমার সময় তা করে নিতে চায় এনবিআর। তাই আয়কর বিবরণী জমার সময় ই-টিআইএনের জন্য আলাদা ফরম পূরণ করতে হচ্ছে করদাতাকে।

ই-টিআইএন নিতে করদাতার নিজস্ব ই-মেইল ঠিকানার পাশাপাশি নির্ভুল জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যাঁদের নির্ভুল জাতীয় পরিচয়পত্র কিংবা ই-মেইল ঠিকানা নেই, তাঁরা ই-টিআইএনে বিবরণী জমা দিতে পারছেন না।

আর প্রবীণ করদাতাদের বেশির ভাগই ইন্টারনেট ব্যবহার জানেন না। তাঁদের ই-মেইল ঠিকানাও নেই। দীর্ঘ সময় ধরে কর দেওয়া এই প্রবীণ করদাতারা ই-টিআইএন করতে না পারায় বিপাকে পড়েছেন।