ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ সোমবার রাত ১০টায়। এর আগে এক দফা দুই মাস সময় বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করে সময় বৃদ্ধির কোনো আলোচনা আপাতত নেই।
তবে গতকাল রোববার এনবিআর ও শিল্প বণিক সমিতির (এফবিসিসিআই) অংশীদারত্ব সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে এই সময়সীমা আরও এক মাস বৃদ্ধির দাবি করা হয়। এ বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
গতবারের মতো এবারও ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ই-টিআইএন) ছাড়া কোনো করদাতা বার্ষিক কর বিবরণী জমা দিতে পারছেন না। প্রতিবছর ৩০ সেপ্টেম্বর আয়কর বিবরণী জমার সময় শেষ হয়। এ বছর ঈদুল আজহা, হজ পালন ও দুর্গাপূজার জন্য দুই মাস সময় বাড়িয়েছিল এনবিআর।
গত করবর্ষে প্রায় ১৩ লাখ করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। এ বছরের হিসাব এখনো চূড়ান্ত করা হয়নি। বর্তমানে প্রায় ১৮ লাখ টিআইএনধারী রয়েছেন।
তবে আয়কর অধ্যাদেশেই সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারেন করদাতা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উপ-কর কমিশনার চাইলে ওই করদাতাদের তিন থেকে ছয় মাস সময় বাড়িয়ে দিতে পারেন। অন্যদিকে নির্দিষ্ট সময়ে আয়কর বিবরণী না জমা দিলে জরিমানা করার বিধানও রয়েছে অধ্যাদেশে। একসঙ্গে এক হাজার টাকা কিংবা প্রতি কর্মদিবসের জন্য ৫০ টাকা করে জরিমানা আরোপ করতে পারেন উপ-কর কমিশনার। প্রত্যেক টিআইএনধারীর করযোগ্য আয় থাকলে আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।