আয়কর মেলায় ১৬৭৫ কোটি টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো আয়কর মেলা। করদাতাদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে আজ সোমবার সাত দিনের এ মেলা শেষ হয়েছে। এবারের মেলা থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে। 

রাজধানী ঢাকাসহ সারা দেশের সাতটি বিভাগীয় শহরে ১৬ সেপ্টেম্বর এ মেলা শুরু হয়েছে। আর বিগত সাত দিনের মধ্যে চার দিন সব জেলায় এ মেলা অনুষ্ঠিত হয়। 
এবারের মেলায় এক হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকার রাজস্ব আদায় হয়েছে। মেলা থেকে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল। এ বছর প্রায় সাড়ে ছয় লাখ করদাতাকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।
মেলার শেষ দিনে ঢাকাসহ সাতটি বিভাগীয় শহর এবং অপর ছয়টি জেলা শহরসহ মোট ১৩টি স্থানে মেলা অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনে রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণের আয়কর মেলায় করদাতাদের ব্যাপক ভিড় ছিল। 
আয়কর মেলার শেষ দিনে সারা দেশে এক লাখ চার হাজার ৫৫২ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন তিন হাজার ৬৬ জন। ই-টিআইএন পুনর্নিবন্ধন করেছেন এক হাজার ৬৪০ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৪ হাজার ৫৩৯টি। আয়কর আদায় হয়েছে ৩৫৯ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ১৮৮ টাকা।

সাত দিনের আয়কর মেলায় সারা দেশে ছয় লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে, যা গত বছরের আয়কর মেলার তুলনায় ২৭ দশমিক ২৫ শতাংশ বেশি। নতুন করদাতা হিসাবে নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ৯০৭ জন, যা গত বছরের আয়কর মেলার তুলনায় ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি। ই-টিআইএন পুনর্নিবন্ধন করেছেন ১০ হাজার ৮৩৮ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে এক লাখ ৪৯ হাজার ৩০৯টি, যা গত বছরের আয়কর মেলার তুলনায় ১৩ দশমিক ১০ শতাংশ বেশি। 
মেলায় করদাতারা তাঁদের ২০১৪-১৫ কর বর্ষের আয়কর রিটার্ন জমা, মেলায় অবস্থিত ব্যাংক বুথের মাধ্যমে আয়কর জমা, ই-টিআইএন গ্রহণ, ই-টিআইএন পুনর্নিবন্ধনের সুবিধা পেয়েছেন।