আয়কর রিটার্ন এখনই জমা দেওয়া যাবে
আপনি প্রতিবছরই বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। সে জন্য সেপ্টেম্বর মাসের অপেক্ষায় থাকেন। কিন্তু জুলাই মাস থেকেই যে আয়কর বিবরণী জমা দেওয়া যায়, তা কি আপনি জানেন? না জানলে শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে এখনই আয়কর বিবরণী জমা দিয়ে দিন।
আয়কর অধ্যাদেশেই প্রতি করবর্ষের প্রথম দিন ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা উল্লেখ রয়েছে।
অথচ সাধারণ করদাতাদের অনেকেই মনে করেন, আয়কর বিবরণী শুধু সেপ্টেম্বর মাসেই জমা নেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) সেপ্টেম্বর মাস এলেই প্রচার-প্রচারণা বাড়িয়ে দেয়। সে জন্যই হয়তো ওই মাসে আয়কর বিবরণী জমা দেওয়ার হিড়িক পড়ে যায়।
এদিকে চলতি ২০১৫-১৬ অর্থবছর থেকে সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে জমা দেওয়া আয়কর বিবরণী পরীক্ষা-নিরীক্ষা করবেন কর কর্মকর্তারা। অর্থবিল ২০১৫-এ আয়কর অধ্যাদেশের ৮২ (বিবি) ধারা সংশোধন করে কর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। আগে সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর বিবরণী জমা দিলে তা বিনা প্রশ্নে মেনে নিতেন কর কর্মকর্তারা।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ১৮ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছে। এর মধ্যে বছরে গড়ে ১২ লাখের মতো করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দেন।