আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। আজ সোমবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর অঞ্চল ও কর আপিল অঞ্চলগুলোর অধিক্ষেত্র পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো করদাতারা জানতে পারেননি। এ ছাড়া ২০১২-১৩ অর্থবছরের বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের জন্য আনীত পরিবর্তনগুলোর বিবরণসংবলিত পরিপত্র দেরিতে প্রকাশ করায় অনেকের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। এ কারণে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়ে সরকারকে সুপারিশ করতে ব্যবসায়ীদের পক্ষ থেকে এফবিসিসিআইকে অনুরোধ জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানোর জন্য এফবিসিসিআইয়ের সুপারিশ বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।