আয়বৈষম্য কমাতে রাজনৈতিক অর্থনীতির নতুন চিন্তা আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অর্থনীতি সমিতির সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) জামালউদ্দিন আহমেদ, আবুল বারকাত ও তৌফিক আহমদ চৌধুরী
বাংলাদেশ অর্থনীতি সমিতির সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) জামালউদ্দিন আহমেদ, আবুল বারকাত ও তৌফিক আহমদ চৌধুরী

বাংলাদেশের আয়বৈষম্য যেভাবে বেড়েছে, তাতে করে সাধারণ মানুষের জীবনমান ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত না হয়ে উপায় নেই। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক অর্থনীতিকে নতুনভাবে চিন্তা করতে হবে, গণমানুষের সম্পৃক্ততা নিয়ে উন্নয়ন ভাবনাকে পুনর্গঠন করতে হবে।
সমিতির ১৯তম দ্বিবার্ষিক সম্মেলনে এবার সেই কাজটি করা হবে। ৮-১০ জানুয়ারি ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিন দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সমিতির মিলনায়তনে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ।
আবুল বারকাত বলেন, ‘মাথাপিছু আয় দুই টাকা বা দুই ডলার বাড়লে উন্নয়ন হয়, আমরা এমন ধারণার সঙ্গে একমত নই। আমাদের দেশে প্রবৃদ্ধির হার ৬ শতাংশ না ৭ শতাংশ তা নিয়ে নানা বিতর্ক হয়। কিন্তু এই ৬ বা ৭ শতাংশ প্রবৃদ্ধির হারে কী আসে যায় যখন এর ফল সাধারণ মানুষ পায় না। এভাবে বরং বৈষম্য বাড়ছে।’
বারকাত আরও বলেন, যে বঞ্চনা ও বৈষম্যের জন্য মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৪০ বছরের বেশি সময় পর সেই বৈষম্য হাজার গুণ বেড়েছে। আর তাই রাজনৈতিক অর্থনীতিকে নতুনভাবে চিন্তা করা ও উন্নয়ন ভাবনার পুনর্গঠন খুব জরুরি হয়ে পড়েছে। জনগণের শক্তি দিয়ে অর্থনীতি, সমাজ ও রাজনীতি পুনর্গঠন করা যায় কি না, তা ভেবে দেখতে হবে।
অর্থনীতি সমিতির সভাপতি বাংলাদেশের জনশক্তিকে সম্পদে রূপান্তর করায় গুরুত্বারোপ করে বলেন, প্রতিবছর দেড় হাজার কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসছে বলে সবাই খুশি। কিন্তু যে মানুষগুলো নিজের জমি বিক্রি করে বিদেশে গেছে, পরিবার থেকে বছরের পর বছর বিচ্ছিন্ন থেকেছে আর তার শ্রম শোষণ করেছে বিদেশ, সেই মানুষগুলোর এসব ক্ষয়ক্ষতির অর্থমূল্য কে হিসাব করবে? এসব অর্থমূল্য হিসাব করা হলে প্রবাসী আয়ের প্রাপ্তির চেয়ে তা অনেক বেশি হবে।
দেশে ধারণার দারিদ্র্য প্রকট হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন বারকাত। তিনি বলেন যে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেখানো পথে যেসব অর্থনীতিবিদ উন্নয়ন ভাবনা ভাবছেন, তাঁরা এই ধারণার দারিদ্র্যে আক্রান্ত। নয়া-উদারতাবাদী চিন্তায় বিশ্বাস করেন বলে তাঁরা বেসরকারীকরণ ও বাজারমুখী নীতিতে বিশ্বাস করেন। এটা দিয়ে বাংলাদেশের টেকসই ও বৈষম্যহীন উন্নয়ন সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের সম্মেলনে একটি বিশেষ প্লিনারি অধিবেশনও ১২টি কর্মঅধিবেশনে বিভিন্ন বিষয়ে শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ ছাড়া সম্মেলনের শেষ দিন ১০ জানুয়ারি সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০১৪-১৬ কার্যবছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।