আরএন স্পিনিংকে কারণ দর্শাতে এসইসির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল সোমবার এ-সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জানা যায়, সম্প্রতি রাইট শেয়ার ইস্যুকে কেন্দ্র করে কোম্পানিটির পরিচালকেরা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছেন। পাশাপাশি ব্যাপক জালিয়াতির ঘটনাও ঘটিয়েছেন তাঁরা। এ জন্য সম্প্রতি এসইসির সভায় কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে আলাদা ব্যবস্থা গ্রহণের জন্যও এসইসির এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এসইসি কোম্পানিটির পরিচালকদের শেয়ার বিক্রির ওপরও অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।