আরএন স্পিনিংকে শোকজ করেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইট শেয়ার ইস্যু নিয়ে জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে বলা হয়, আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন অমান্য করায় এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, আরএন স্পিনিং মিলস লিমিটেড, প্রতিষ্ঠানটির সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে এই নোটিশ দেওয়া হয়েছে।রাইট শেয়ার ইস্যু নিয়ে জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বুধবার এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির কাছে আরএন স্পিনিং মিলসের দেওয়া কিছু কাগজপত্র জাল হওয়ায় সিআরপিসির আওতায় ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া আরএন স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের আগামীকাল থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার ইস্যুর বিষয়ে যেসব সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে, সেসব বিষয়ে এনফোর্সমেন্ট বিভাগের মাধ্যমে পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হয় ওই সভায়। এরই পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট বিভাগ কারণ দর্শানোর সিদ্ধান্ত নেয় বলে এসইসি সূত্রে জানা যায়।