আরএন স্পিনিংয়ের এমডি, কোম্পানি সচিবকে অপসারণের সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে রাইট ইস্যুর আকার কমিয়ে আনার এবং কোম্পানি ও পরিচালকদের জরিমানা করেছে কমিশন। রাইট শেয়ার ইস্যুতে আইন ভঙ্গ করায় আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব উদ্যোক্তা/পরিচালক তাঁদের রাইট ইস্যুর নির্ধারিত চাঁদা প্রদান করতে ব্যর্থ হয়েছেন, ওই অংশটুকু বাদ দিয়ে রাইট ইস্যুর আকার নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির ইস্যু আকার ২৭৮ কোটি টাকা থেকে কমিয়ে ১২০ কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া রাইট অফার-সংক্রান্ত শর্তাবলি স্পষ্ট লঙ্ঘন করে উদ্যোক্তা/পরিচালকদের চাঁদার টাকা সময়মতো জমা না দেওয়ায় আরএন স্পিনিং মিলস লিমিটেডকে ১০ লাখ, পরিচালক শিরিন ফারুককে ২৫ লাখ এবং অন্য সব পরিচালককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়।