আরএন স্পিনিংয়ের আরও তথ্য চায় এসইসি
আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে আরও তথ্য চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তিন দিনের মধ্যে এসব তথ্য দেওয়ার জন্য আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।এসইসির চিঠিতে বলা হয়, ‘ডিএসই থেকে পাঠানো তদন্ত দলের প্রতিবেদনে কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে।’ এসইসির এই চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই অস্পষ্টতা দূর করতে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাইট শেয়ার ইস্যু নিয়ে জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেয় এসইসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ওই দিন এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃক তদন্ত কমিটির কাছে দাখিল করা কিছু কাগজপত্র জাল হওয়ায় সিআরপিসির আওতায় ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আরএন স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের ২০ সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার ইস্যুসংক্রান্ত বিষয়ে যেসব সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে, সেসব বিষয়ে এনফোর্সমেন্ট বিভাগের মাধ্যমে পদক্ষেপ নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।