আরএন স্পিনিংয়ের এমডি, সচিবকে অপসারণ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে দায়িত্ব থেকে অপসারণ করা হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানি সচিবকে আগামী পাঁচ বছরের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট সব ধরনের প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে। কমিশনের নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে আরও বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি কোম্পানিটির রাইট বা অধিকারমূলক শেয়ার ইস্যুকে কেন্দ্র ব্যাপক জালিয়াতির ঘটনার পরিপ্রেক্ষিতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএসইসি জানিয়েছে, রাইট শেয়ার ইস্যুকে কেন্দ্র করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে কোম্পানি ও এর পরিচালনা পর্ষদকে প্রায় তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যানসহ পাঁচ পরিচালককে ৫০ লাখ টাকা করে মোট আড়াই কোটি টাকা, পরিচালক শিরিন ফারুককে ২৫ লাখ টাকা এবং কোম্পানিকে ১০ লাখ টাকা করে মোট দুই কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কোম্পানির রাইট ইস্যুর পরিমাণ ২৭৮ কোটি টাকা থেকে কমিয়ে ১২০ কোটি টাকা নির্ধারণ করেছে বিএসইসি। আরএন স্পিনিংয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা মোট ছয়জন। তাঁরা হলেন: চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের ফারুক, পরিচালক আবদুল কাইয়ুম মামুন, শিরিন ফারুক, আবিদ মোস্তাফিজুর রহমান ও কিম জং সুক। এঁদের মধ্যে একমাত্র বিদেশি পরিচালক কিম জং সুক ছাড়া অন্য সবাই একই পরিবারের সদস্য। নির্ধারিত সময়ে রাইট শেয়ারের টাকা জমা না দেওয়ায় কোম্পানি ও এর পরিচালকদের এই জরিমানা করা হয়েছে। এর আগে রাইট শেয়ার ইস্যুকে কেন্দ্র করে জালিয়াতির কারণে কোম্পানিটির কর্মকর্তাদের বিরুদ্ধে মতিঝিল থানায়ও মামলা করেছিল বিএসইসি। সামপ্রতিক সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটিই বিএসইসির কঠোর ব্যবস্থা।