আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে
তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে। সিকিউরিটিক অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এসইসি সূত্রে জানা গেছে, কমিশনের তদন্ত কমিটির কাছে জাল কাগজপত্র দাখিলের দায়ে এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এসইসি। আজ বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়েও কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। এসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আলাদা আলাদা তদন্তে এসব বিষয় ধরাও পড়েছে। তার ভিত্তিতে আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসইসি।