আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলসের সব পরিচালক ও সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।কমিশনের পক্ষে এর উপপরিচালক জিয়াউর রহমান বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে কমিশন সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এ মামলা দায়ের করা হয়েছে। এতে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সব সদস্য ও সচিবকে অভিযুক্ত করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা হলেন: চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পরিচালক আবদুল কাইয়ুম, শিরিন ফারুক, আবিদ মোস্তাফিজুর রহমান ও কিম জং সুক এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের। এর মধ্যে একমাত্র কিম জং সুক হলেন একজন বিদেশি পরিচালক ও অন্য পাঁচজন একই পরিবারের সদস্য। এর বাইরে অভিযুক্ত অপর আসামি হলেন কোম্পানি সচিব হুমায়ুন কবীর।মামলার বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর) হারুন অর রশিদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাল-জালিয়াতির অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় এ মামলা করা হয়েছে। এতে সাতজনকে আসামি করা হয়েছে।হারুন অর রশিদ আরও বলেন, এখনো মামলার তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হওয়ার পর তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মামলার বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানি সচিব হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে এসইসি যেসব অভিযোগ উত্থাপন করেছে, সেগুলোর ব্যাপারে ইতিমধ্যেই আমরা কমিশনের কাছে আমাদের বক্তব্য দিয়েছি। আমরা কোনো ধরনের জাল-জালিয়াতির সঙ্গে যুক্ত নই। তার পরও কমিশন যেহেতু মামলা করেছে, সেহেতু এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।’মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত আসামিরা পরস্পরের যোগসাজশে কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রয়োজনীয় নানা নথিপত্রে জাল-জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন। জানা গেছে, এসইসি পুরো ঘটনাটি তদন্ত করলে তাতে নানা জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হয়। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকেও আলাদাভাবে এ বিষয়ে তদন্ত করা হয়। তাতেও নানা অনিয়ম ও জালিয়াতির বিষয় উঠে আসে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর এসইসির এক সভায় কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। পাশাপাশি কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে এসইসি। সেই সঙ্গে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে যেসব ঘটনা ঘটিয়েছে, সেগুলোর বিষয়েও আলাদা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন।