আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের
রাইট ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার জেরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার বিকেলে মতিঝিল থানায় এই মামলা দায়ের করা হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাইট ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেড, প্রতিষ্ঠানটির সব পরিচালক ও কোম্পানি সচিবের বিরুদ্ধে এসইসির পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।’এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাইট শেয়ার ইস্যু নিয়ে জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেয় এসইসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।ওই দিন এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃক তদন্ত কমিটির কাছে দাখিল করা কিছু কাগজপত্র জাল হওয়ায় সিআরপিসির আওতায় ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আরএন স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের ২০ সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার ইস্যু-সংক্রান্ত বিষয়ে যেসব সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে, সেসব বিষয়ে এনফোর্সমেন্ট বিভাগের মাধ্যমে পদক্ষেপ নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।