আরএন স্পিনিংয়ের রাইট শেয়ারের জটিলতা কাটছে
অবশেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার পেতে যাচ্ছেন সাধারণ শেয়ারধারীরা। ইতিমধ্যে সাধারণ শেয়ারধারীদের মধ্যে যাঁরা রাইট শেয়ারের জন্য নিবন্ধিত হয়েছেন, চলতি সপ্তাহেই তাঁদের বিও হিসাবে তা যুক্ত হবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও অবলেখনকারী (আন্ডার রাইটার) প্রতিষ্ঠানের রাইট শেয়ার বিতরণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। জানা গেছে, কোম্পানিটির বিপুল পরিমাণ রাইট শেয়ার অবিক্রীত থাকায় এতদিন ধরে তা শেয়ারধারীদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। কোম্পানিটির রাইট শেয়ার নিয়ে আইন লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে এসইসি পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে। এসইসির একজন সদস্য জানিয়েছেন, গত সপ্তাহে আরএন স্পিনিংয়ের তদন্ত প্রতিবেদনটি কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। কমিশন প্রতিবেদনটি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে। এই সময়ের মধ্যে কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও অবলেখনকারী প্রতিষ্ঠানের শেয়ারের অংশ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। জানা গেছে, আরএন স্পিনিং মিলসের ইস্যু করা প্রায় ২৭৮ কোটি টাকার সমমূল্যের রাইট শেয়ারের মধ্যে ১৮০ কোটি টাকা ব্যাংক হিসাবে জমা হয়নি বা আন্ডার সাবস্ক্রাইব হয়েছে। এর অধিকাংশই ছিল কোম্পানির পরিচালকদের। ওয়াদাবদ্ধ হয়েও পরিচালকেরা নির্ধারিত সময়ে রাইটের টাকা জমা দেননি। ফলে নিয়ম অনুযায়ী, অবলেখনকারী প্রতিষ্ঠানগুলোরই অবিক্রীত ওই সব শেয়ার কেনার কথা। কিন্তু অবলেখনকারী প্রতিষ্ঠানগুলোও তা করেনি। এ প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এএএ কনসালট্যান্টস, বেনকো, বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ ও আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে ছিল এএএ কনসালট্যান্টস। কোম্পানিটিকে বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১:১) হারে ইস্যুর অনুমোদন দিয়েছিল এসইসি। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২০ টাকা। রাইট শেয়ারের টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৩ মার্চ। এসইসির অনুমোদনপত্রে বলা ছিল, টাকা জমা দেওয়ার দিন শেষ হওয়ার পরবর্তী ২১ দিনের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমা করতে হবে। কিন্তু সেটি হয়নি।