আরএন স্পিনিংয়ের লেনদেন স্থগিত, পরে চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইট ইস্যু নিয়ে জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেডের লেনদেন আজ মঙ্গলবার স্থগিত করে দুই স্টক এক্সচেঞ্জ। তবে কিছুক্ষণের মধ্যে আবার তা চালু করা হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসই সূত্রে জানা যায়, রাইট ইস্যু নিয়ে জটিলতার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার মাধ্যমে আরএন স্পিনিং মিলসের লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে লেনদেন শুরু হওয়ার আগে ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে আবার আগের সিদ্ধান্ত প্রত্যাহারের খবর দেওয়া হয়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ডিএসইর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে লেনদেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।অন্যদিকে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন জানান, দুই স্টক এক্সচেঞ্জের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য আরএন স্পিনিংয়ের লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।