আরএসআরএমের আইপিও চাঁদা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশল ও ইস্পাত খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর চাঁদা গ্রহণ আজ রোববার থেকে শুরু হচ্ছে।দেশে বসবাসকারী আবেদনকারীরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চাঁদা জমা দেওয়ার সুযোগ পাবেন। আর প্রবাসী বাংলাদেশিদের জন্য এই সুযোগ থাকছে ২৬ জুলাই পর্যন্ত। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য আড়াই কোটি শেয়ার বাজারে ছাড়া হবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কোম্পানিটির শেয়ারের প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ২০০ শেয়ার। সেই হিসাবে প্রতি লট শেয়ারের জন্য আবেদনকারীদের আট হাজার টাকা জমা দিতে হবে। ২০১৩ সালের জুনে সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে আরএসআরএম আইপিও অনুমোদন পেয়েছে। ওই আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। এটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।
নিজস্ব প্রতিবেদক