আরও আটটি সীমান্ত হাট হবে

বাংলাদেশ-ভারতের দুর্গম অঞ্চলে আরও আটটি সীমান্ত হাট হবে। এর ফলে বর্তমানে চালু দুটিসহ মোট সীমান্ত হাটের সংখ্যা দাঁড়াবে ১০-এ। দুই দেশের মানুষের শুল্কমুক্তভাবে পণ্য কেনাবেচা সহজলভ্য করতে বসানো হবে এ হাট।
বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে চারটি হাট স্থাপনের ব্যাপারে উভয় দেশ আগেই সম্মত হয়েছে। সে অনুযায়ী কাজও শুরু হয়েছে। আর এ দফায় সম্মতি দেওয়া হয়েছে আরও চারটির ব্যাপারে। এগুলো হবে বাংলাদেশ-মেঘালয় সীমান্তে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের যৌথ ইশতেহার এবং উন্নয়ন সহযোগিতার জন্য কাঠামোগত চুক্তির আওতায় উপ-আঞ্চলিক সহযোগিতা-সংক্রান্ত বৈঠকে নতুন চারটির ব্যাপারে সম্মতি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
২০১০ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্ত হাট পরিচালনার পদ্ধতি বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। জানা গেছে, ওই এমওইউর অগ্রগতি জানতেই ডাকা হয় সোমবারের বৈঠক।
বর্তমানে চালু দুই সীমান্ত হাটের মধ্যে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের পশ্চিম গারো হিলের কালাইরচর সীমান্তে রয়েছে একটি। অপরটি সুনামগঞ্জের ডলোরার ও ভারতের বালাত সীমান্তে।
আরও আটটি হাট হতে চললেও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২২টি হাট স্থাপনের প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। এগুলোর মধ্যে বাংলাদেশের রাঙামাটি ও ভারতের মিজোরাম সীমান্তেও কয়েকটি হাটের প্রস্তাব রয়েছে। এ ছাড়া বাংলাদেশের দিক থেকে রয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তাড়াবুনিয়াপাড়া, উদয়পুর চাকমাপাড়া, বলাপাইয়াপাড়া এবং বরকল উপজেলার ভূষণপাড়া ইউনিয়নের থেগামুখ। ভারতের দিক থেকে রয়েছে মিজোরামের মারপাড়া, শীলছড়ি, তুলপুইবাড়ি ও লুংসাই।
হাটের বাংলাদেশ অংশে যতটুকু জায়গাজুড়ে বাজার থাকবে, ভারতের অংশেও থাকবে ঠিক ততটুকুই। এতে স্থায়ী কোনো অবকাঠামো থাকবে না।
২০০৫ সালে জেডব্লিউজির ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশকে সীমান্ত হাট স্থাপনের প্রথম প্রস্তাব দেয় ভারত। বাংলাদেশ তখন এ বিষয়ে ভারতকে একটি ধারণাপত্র দিতে অনুরোধ জানায়। ভারত ধারণাপত্রটি পাঠায় গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৩ এপ্রিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের শুরুর দিক থেকেই এ বিষয়ের ফাইল সচল হয়।
সীমান্ত হাটে বাংলাদেশি ব্যবসায়ীরা চানাচুর, চিপস, আলু, তৈরি পোশাক, মাছ, শুঁটকি, মুরগি, ডিম, সাবান, শিম, সবজি, গামছা ও তোয়ালে, কাঠের টেবিল ও চেয়ার, গৃহস্থালি কাজে ব্যবহূত লোহার তৈরি পণ্য নিয়ে আসবেন। আর ভারতীয় ব্যবসায়ীরা নিয়ে আসবেন ফল, সবজি, মসলা, মরিচ, হলুদ, পান, সুপারি, আলু, মধু, বাঁশ ইত্যাদি।
বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে চারটি হাট হবে। এই প্রস্তাবগুলো ছিল ভারতের দিক থেকে। এর মধ্যে পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরার দুটি হাটে স্থাপনা নির্মাণকাজের উদ্যোগ নিয়েছে ভারত।
অন্যদিকে বাংলাদেশ-মেঘালয় সীমান্তের মধ্যে হবে চারটি হাট। এগুলোর ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ইতিবাচক মতামত পাওয়া গেছে। গত ৬ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায়ও এ চার হাটের ব্যাপারে সুপারিশ করা হয়।
বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার তারাপুর ও পশ্চিম ত্রিপুরার কমলাসাগর
ফেনী জেলার ছয়ঘরিয়ার মধ্যবর্তী স্থান ও দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরের পূর্ব মধুগ্রাম
মৌলবীবাজারের জুড়ীর পশ্চিম বটুলী ও উত্তর ত্রিপুরার পালবস্তী
কমলগঞ্জের কুরমাঘাট ও কামালপুরের ধলাই
বাংলাদেশ-মেঘালয় সীমান্ত
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ভোলাগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরের সায়দাবাদ ও মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড়সংলগ্ন নালিকাটা
ময়মনসিংহের ধোবাউড়ার ভুঁইয়াপাড়া ও মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়ের শিববাড়ি