আরও এক কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কেনাকাটা পদ্ধতি সংস্কার প্রকল্পে আরও ১ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৯ কোটি টাকা। গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে চুক্তি স্বাক্ষরের এ অনুষ্ঠান হয়। ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পারালকার চুক্তিতে সই করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আওতায় এ প্রকল্পটি ২০০৭ সাল থেকে বাস্তবায়ন হচ্ছে। এখন প্রকল্পটির দ্বিতীয় পর্যায় চলছে। এ প্রকল্পের আওতায় মূলত সরকারি কেনাকাটায় দরপত্র আহ্বান, দরপত্র জমা, যাচাই-বাছাই সবই অনলাইন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা হয়।

২০০৭ সালে যখন প্রকল্পটি শুরু হয়, তখন ২ কোটি ৩৬ লাখ ডলার ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক। এরপর আরও ৩ কোটি ৪৫ লাখ ডলার ঋণ দেয়। এখন এসে তৃতীয় ধাপে আরও ১ কোটি ডলার দেওয়া হচ্ছে। ইআরডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ২০১২ সালে দরপত্রের প্রক্রিয়া শেষ করতে ৫১ দিন সময় লাগত। ২০১৫ সালে তা ২৯ দিনে নেমে এসেছে।

এ প্রকল্পে বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়নে সার্ভার বা তথ্যভান্ডার সমৃদ্ধ করে ৮৬ লাখ দরপত্রের তথ্য সংরক্ষণ করা যাবে। আর ৩ লাখ ২৫ হাজার নিবন্ধিত দরদাতা বা ঠিকাদারের তথ্য রাখা যাবে।