আরও এক লাখ টন লবণ আমদানির অনুমতি দেওয়া হবে
দেড় লাখ টনের পর এবার আরও এক লাখ টন লবণ আমদানির অনুমতি দিতে যাচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনা পর্ষদের সভায় এ কথা জানিয়েছেন বলে জানা গেছে।
পরে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, ১ লাখ টন লবণ আমদানির অনুমতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি জারি হতে পারে।
এর আগে বাজারে লবণের ঘাটতি পূরণ ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করতে বাণিজ্য মন্ত্রণালয় গত ১৪ আগস্ট ৭৫ হাজার ভোজ্য ও ৭৫ হাজার টন শিল্পে ব্যবহৃত লবণ আমদানির অনুমতি দেয়। গত বৃহস্পতিবার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ১২১টি মিলকে ৬২০ টন করে ভোজ্য লবণ ও ১২০টি মিলকে ৬২৫ টন করে শিল্পে ব্যবহৃত লবণ আমদানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
লবণ আমদানির এ অনুমতি দেওয়া হয়েছে দেশে পরিশোধিত ও অপরিশোধিত লবণের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর। লবণ বিপণনকারীরা জানিয়েছেন, গত বছর সেপ্টেম্বর মাসেও প্রতি কেজি ভালোমানের লবণের দাম ছিল কেজিপ্রতি ২৫ থেকে ২৬ টাকা। এখন তা ৪০ থেকে ৪২ টাকায় উঠেছে, যা সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বেশি।
অন্যদিকে অপরিশোধিত লবণের দাম উঠেছিল কেজিপ্রতি ১৬ টাকায়, যা সাধারণত ৫ টাকার আশপাশে থাকে।
এদিকে লবণের বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আজ বুধবার একটি বৈঠক ডাকা হয়েছে।